ডেস্ক রিপোর্ট: খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারমাইল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এবং মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকচালক মুন্সীগঞ্জের মোক্তারপুর গ্রামের জিন্নাত মিয়া (৩৫), ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আব্দুর রউফ গাজী (৪৩) ও ইউনুস সরদার (২৫)।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে সিমেন্ট খালাস করে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক খুলনায় ফিরছিল।
এ সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে এবং বাসটি পাশের পানিভর্তি খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় ট্রাকচালক জিন্নাত মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক ডা. তাসমিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরার তালা উপজেলাসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে বলে তারা জানান।
তবে খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মুন্সি পারভেজ আহমেদ বলেন, পুলিশ বাসের কোনো আহত যাত্রীকে পায়নি। বাসটি তখনো সড়কের পাশের খাদে পড়ে ছিল। বাসটি উদ্ধারের পর ভেতরে বা নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একই এলাকায় ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ গাজী ও ইউনুস সরদার নিহত হন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রউফ গাজী চুকনগর বাজারের মাছের আড়তদার ছিলেন। মঙ্গলবার রাতে আড়তের কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মাছচাষিদের বকেয়া টাকা পরিশোধ করতে চুকনগর বাজারে যান তিনি। কাজ শেষে রাত দেড়টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আঠারমাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
ওসি মুন্সি পারভেজ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।