বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ অক্টোবর ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

সমুদ্রের কাছে মানুষ যায় নিজেকে একটু ভুলে থাকতে। ঢেউয়ের শব্দে ক্লান্তি ধুয়ে ফেলতে, নোনা বাতাসে জীবনের ব্যস্ততা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখতে। কিন্তু সেই সমুদ্রের তীরেই যদি একটি রাতের ঘুম পরিণত হয় জীবনের শেষ রাতে, তাহলে প্রশ্নটি শুধু একটি অগ্নিকাণ্ডে থাকে না; প্রশ্ন ওঠে আমাদের পর্যটনচিন্তা, আতিথেয়তার দর্শন এবং মানুষের জীবনের প্রতি আমাদের দায়বদ্ধতা নিয়ে।

কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডে দশজন মানুষের প্রাণহানি তাই নিছক একটি দুর্ঘটনা নয়। এটি বাংলাদেশের পর্যটন ব্যবস্থাপনার সামনে রাখা একটি কঠিন আয়না। সেই আয়নায় আমরা দেখতে পাচ্ছি, পর্যটককে স্বাগত জানানোর জন্য আমাদের যতটা প্রস্তুতি, তাঁকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি তার তুলনায় কতটা দুর্বল।

পর্যটনশিক্ষার একজন শিক্ষক হিসেবে আমি বরাবরই মনে করি, একটি গন্তব্যের সৌন্দর্য তার পাহাড়, সমুদ্র, বন, নদী কিংবা স্থাপত্যে যতটা, তার চেয়ে বেশি নিহিত থাকে মানুষের অভিজ্ঞতায়। একজন পর্যটক একটি গন্তব্যে যান আনন্দের প্রত্যাশা নিয়ে। তিনি সেখানে অর্থ ব্যয় করেন, স্থানীয় অর্থনীতিকে সচল করেন, মানুষের কর্মসংস্থান তৈরি করেন। বিনিময়ে তাঁর প্রত্যাশা খুব বেশি নয়। তিনি চান সম্মান, স্বস্তি এবং নিরাপত্তা। পর্যটন শিল্পের ভাষায় এটিই গন্তব্যের মৌলিক প্রতিশ্রুতি।

ইনানীর ঘটনায় সেই প্রতিশ্রুতিই প্রশ্নের মুখে পড়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটাপ রেস্টো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। ভবনটির নির্মাণে কাঠ ও বাঁশের মতো দাহ্য উপকরণ ব্যবহারের কথা এসেছে। ফায়ার সেফটি সনদ না থাকা এবং ভবনটি আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার বিষয়টিও সামনে এসেছে। আগুনের প্রকৃত কারণ তদন্তেই নিশ্চিত হবে। কিন্তু পর্যটন ব্যবস্থাপনার একজন শিক্ষক হিসেবে আমার কাছে আগুন কোথা থেকে শুরু হয়েছে, তার চেয়েও বড় প্রশ্ন হলো, ঝুঁকি আগে থেকেই জানা থাকলে সেখানে পর্যটকদের থাকার সুযোগ কীভাবে অব্যাহত থাকে? এখানেই দুর্ঘটনা আর অব্যবস্থাপনার পার্থক্যটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

মনোবিজ্ঞানী জেমস রিজনের ‘সুইস চিজ মডেল’ আমাদের শেখায়, বড় দুর্ঘটনা সাধারণত একটি ভুলের কারণে ঘটে না। নিরাপত্তাব্যবস্থার একাধিক স্তরে ছোট ছোট দুর্বলতা জমতে জমতেই একসময় সেগুলো একই সরলরেখায় এসে দাঁড়ায়। তখন একটি সামান্য ত্রুটিও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ইনানীর ঘটনাকে এই দৃষ্টিতে দেখলে দেখা যায়, একটি সম্ভাব্য আগুনের উৎসের পাশাপাশি নির্মাণব্যবস্থা, জরুরি বহির্গমন, অগ্নিনিরাপত্তা, তদারকি এবং দ্রুত উদ্ধারব্যবস্থার মতো বহু প্রশ্ন একসঙ্গে সামনে আসে। অর্থাৎ আগুন হয়তো কয়েক মিনিটে ছড়িয়েছে, কিন্তু বিপর্যয়ের ভিত্তি তৈরি হয়েছে অনেক আগে।

সমাজবিজ্ঞানী ডায়ান ভনের ‘নরমালাইজেশন অব ডিভিয়েন্স’ তত্ত্বও এখানে প্রাসঙ্গিক। কোনো নিয়ম একবার ভাঙার পর যদি বড় বিপদ না ঘটে, তখন মানুষ ধীরে ধীরে সেই নিয়মভঙ্গকেই স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করে। একসময় জরুরি বহির্গমনপথ না থাকাও অস্বাভাবিক মনে হয় না, অগ্নিনিরাপত্তার ঘাটতিও তেমন উদ্বেগ তৈরি করে না, ঝুঁকিপূর্ণ ভবনেও ব্যবসা চলতে থাকে। বিপর্যয় না ঘটার প্রতিটি দিন তখন নিরাপত্তার প্রমাণ বলে মনে হয়। অথচ সেটি নিরাপত্তা নয়, সৌভাগ্য।পর্যটনশিল্প সৌভাগ্যের ওপর চলতে পারে না।

একজন পর্যটক যখন কোনো হোটেল বা রিসোর্টে রাত কাটান, তখন তিনি ধরে নেন প্রতিষ্ঠানটি নিরাপদ। তিনি সাধারণত ভবনের নকশা পরীক্ষা করেন না, ফায়ার সেফটি সনদ দেখতে চান না, জরুরি বহির্গমনপথের প্রকৌশলগত মান যাচাই করেন না। এসব নিশ্চিত করার দায় রাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং সেবা প্রদানকারীর। পর্যটক তাঁর অর্থ দিয়ে একটি কক্ষ ভাড়া নেন, নিজের জীবন বন্ধক রাখেন না।এই সত্যটি আমরা যত দ্রুত বুঝব, আমাদের পর্যটন তত বেশি মানবিক হবে।

পর্যটনের অর্থনীতি নিয়ে আমরা অনেক কথা বলি। কর্মসংস্থান, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা, স্থানীয় ব্যবসা, পরিবহন, খাদ্যসেবা সবকিছুই পর্যটনের সঙ্গে যুক্ত। কিন্তু পর্যটনের সবচেয়ে অদৃশ্য এবং সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আস্থা। একজন পর্যটক যদি কোনো গন্তব্য সম্পর্কে মনে করেন সেখানে তিনি নিরাপদ, তাহলে সেই আস্থা অন্য পর্যটককেও সেখানে নিয়ে যায়। আবার একটি বড় দুর্ঘটনা শুধু একটি পরিবারকে শোকাহত করে না; তা একটি গন্তব্যের ভাবমূর্তিতেও দীর্ঘ ছায়া ফেলে।

পর্যটন গবেষণায় ‘ডেস্টিনেশন ইমেজ’ বা গন্তব্যের ভাবমূর্তি একটি গুরুত্বপূর্ণ ধারণা। মানুষ কোনো জায়গায় যাওয়ার আগে শুধু ছবি দেখে না, সেই জায়গার নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সেবার মান এবং পূর্ববর্তী পর্যটকদের অভিজ্ঞতাও বিবেচনা করে। ফলে ইনানীর আগুনের খবর শুধু কক্সবাজারের একটি রিসোর্টের খবর হয়ে থাকে না; এটি বাংলাদেশের পর্যটন গন্তব্যের নিরাপত্তা নিয়ে সম্ভাব্য পর্যটকের মনে একটি প্রশ্ন তৈরি করে। আর পর্যটনে একটি প্রশ্ন অনেক সময় একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে।

আমরা যদি সত্যিই বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তাকেও ব্র্যান্ডিংয়ের অংশ করতে হবে। একটি পর্যটনকেন্দ্রের প্রবেশপথে শুধু ‘স্বাগতম’ লেখা থাকলেই হবে না; সেখানে পর্যটককে বোঝাতে হবে, তাঁর নিরাপত্তার জন্য কী ব্যবস্থা রয়েছে। হোটেল বা রিসোর্টের বুকিংয়ের সঙ্গে খাবারের তালিকা, কক্ষের ছবি ও মূল্যতালিকার মতোই নিরাপত্তা-সংক্রান্ত তথ্যও দৃশ্যমান হওয়া উচিত।

প্রযুক্তি এখানে বড় ভূমিকা রাখতে পারে। একটি আবাসন প্রতিষ্ঠানের ফায়ার সেফটি অবস্থা, লাইসেন্স, জরুরি বহির্গমনপথ এবং সর্বশেষ নিরাপত্তা পরিদর্শনের তথ্য কিউআর কোডের মাধ্যমে পর্যটকের সামনে তুলে ধরা যেতে পারে। কোনো প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ হলে অনলাইন বুকিং প্ল্যাটফর্মে তার সতর্কতাও দৃশ্যমান করা যেতে পারে। এতে নিয়ন্ত্রণের একটি অংশ পর্যটকের হাতেও চলে আসবে।

তবে বাজারের শক্তির ওপর সব দায় ছেড়ে দিলে চলবে না। রাষ্ট্রের নিয়ন্ত্রক ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। পর্যটনকেন্দ্রিক এলাকায় বিভিন্ন সংস্থার বিচ্ছিন্ন তদারকির পরিবর্তে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা দরকার। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, পরিবেশ কর্তৃপক্ষ, উন্নয়ন কর্তৃপক্ষ ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান সবার কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে। কারণ দুর্ঘটনার পর ‘এটি আমার দায়িত্ব ছিল না’ ধরনের বক্তব্য একটি প্রাণও ফিরিয়ে আনতে পারে না।

দূরবর্তী পর্যটন এলাকায় আরও একটি বিষয় গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। যেখানে একটি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন থেকে দ্রুত পৌঁছানো কঠিন, সেখানে স্থানীয় পর্যায়ে ছোট জরুরি উদ্ধারকেন্দ্র, পর্যাপ্ত পানি, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মী থাকা দরকার। পর্যটনের ভাষায় এটিই হবে ‘কমিউনিটি বেসড ট্যুরিজম সেফটি’। স্থানীয় মানুষকে শুধু পর্যটন অর্থনীতির অংশীদার করলে হবে না, তাঁদের দুর্যোগ ব্যবস্থাপনার অংশীদারও করতে হবে।

এখানে পর্যটন শিক্ষারও একটি নতুন দায়িত্ব তৈরি হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেন শুধু হোটেলের ফ্রন্ট অফিসে অতিথিকে স্বাগত জানাতে শেখে, তা যথেষ্ট নয়। তাঁদের জানতে হবে কীভাবে জরুরি অবস্থায় একজন অতিথিকে বের করে আনতে হয়, কীভাবে আতঙ্ক নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে আগুনের প্রাথমিক প্রতিরোধ করতে হয় এবং কীভাবে একটি নিরাপদ আতিথেয়তা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। কারণ আধুনিক আতিথেয়তা শুধু হাসিমুখে সেবা দেওয়ার নাম নয়; এটি ঝুঁকি ব্যবস্থাপনারও একটি পেশা।

দার্শনিক হান্স জোনাসের ‘দায়িত্বের নীতি’ আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জীবন ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা কোনো ঐচ্ছিক নৈতিকতা নয়। পর্যটন ব্যবসার ক্ষেত্রেও এই দর্শন প্রযোজ্য। একটি রিসোর্টের মালিকের কাছে কাঠের নকশা হয়তো ব্যবসার সৌন্দর্য, কিন্তু একজন অতিথির কাছে সেটি নিরাপত্তার প্রশ্ন। একজন উদ্যোক্তার কাছে একটি সিঁড়ি নির্মাণের খরচ হয়তো ব্যয়, কিন্তু আগুনের মুহূর্তে সেটিই হতে পারে একজন মানুষের জীবনের সঙ্গে মৃত্যুর পার্থক্য।এই উপলব্ধিটিই আমাদের পর্যটন দর্শনের কেন্দ্রে আনতে হবে।

রবীন্দ্রনাথের মানবতাবাদ আমাদের মানুষকে কোনো হিসাবের অঙ্কে পরিণত না করে মানুষ হিসেবেই দেখতে শেখায়। পর্যটকও তাই। তিনি কোনো ‘কাস্টমার নম্বর’ নন, কোনো ‘বুকিং আইডি’ নন। তিনি একজন মানুষ, যাঁর সঙ্গে তাঁর পরিবারের ভালোবাসা, প্রত্যাশা ও ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাঁকে নিরাপদ রাখা তাই ব্যবসায়িক কর্তব্যের পাশাপাশি মানবিক কর্তব্যও।

ইনানীর আগুনে হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফিরবেন না। তাঁদের পরিবারের শূন্যতা কোনো তদন্ত প্রতিবেদন পূরণ করতে পারবে না। কিন্তু তাঁদের মৃত্যু যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনার দর্শন বদলে দেয়, যদি একটি রিসোর্টের নকশা থেকে একটি পর্যটন এলাকার নিরাপত্তা পরিকল্পনা পর্যন্ত নতুন করে ভাবতে বাধ্য করে, তাহলে সেই শোক ভবিষ্যতের বহু প্রাণ রক্ষার কারণ হতে পারে।

আমাদের মনে রাখতে হবে, পর্যটন মানে মানুষকে কোথাও নিয়ে যাওয়া নয়; পর্যটন মানে মানুষকে একটি অভিজ্ঞতার কাছে নিয়ে যাওয়া। আর সেই অভিজ্ঞতার প্রথম শর্ত আনন্দ, শেষ শর্ত নিরাপদ প্রত্যাবর্তন।আমরা পর্যটককে সমুদ্র দেখাতে পারি, সূর্যাস্ত দেখাতে পারি, পাহাড়ের মেঘ দেখাতে পারি, সুন্দরবনের নীরবতা শোনাতে পারি। কিন্তু তাঁর ঘরে ফেরার নিশ্চয়তা দিতে না পারলে আমাদের সব আতিথেয়তা অসম্পূর্ণ থেকে যায়।

ইনানীর আগুন তাই শুধু একটি রিসোর্ট পোড়ায়নি; এটি আমাদের পর্যটনচিন্তার একটি অন্ধকার দিকও উন্মোচন করেছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আগুন নিভিয়ে আবার আগের মতো ফিরে যাব, নাকি এই আগুনের আলোয় নিজেদের ব্যবস্থার দুর্বলতাগুলো নতুন করে দেখতে শিখব? কারণ একজন পর্যটককে আমন্ত্রণ জানানো সহজ। তাঁকে নিরাপদে ঘরে ফিরিয়ে দেওয়াই আসল আতিথেয়তা।

লেখক: বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

২

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

৩

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

৪

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

৫

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

৬

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

৭

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

৮

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

৯

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১০

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১১

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১২

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

১৩

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

১৪

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৫

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১৬

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১৮

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১৯

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২০