
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শাখরা সীমান্ত এলাকা থেকে ৭৮ লাখ টাকা মূল্যের চার বোতল হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব তরল পদার্থ জব্দ করেন। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
নীলডুমুর ব্যাটালিয়ন সূত্র জানায়, গত ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়নের অধীন শাখরা সীমান্ত চৌকির (বিওপি) একটি টহল দল বিশেষ অভিযান চালায়। নায়েব সুবেদার মোঃ সাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে শাখরা বিওপি থেকে দেড় কিলোমিটার উত্তরে কোমরপুর এলাকা থেকে বোতলগুলো উদ্ধার করা হয়। এলাকাটি সীমান্ত থেকে দেড় কিলোমিটার ভেতরে বাংলাদেশের অংশে পড়েছে।
জব্দ করা বোতলগুলো দেখতে জে অ্যান্ড বি ও মার্টিনি ব্র্যান্ডের মদের বোতলের মতো। তবে ভেতরের তরল পদার্থ নিয়ে সন্দেহ হওয়ায় সেগুলো পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, তরলগুলো হেরোইন তৈরির অন্যতম কাঁচামাল (কেমিক্যাল)।
বিজিবি জানায়, বোতলের গায়ে উল্লেখ করা মূল্য অনুযায়ী প্রতিটি বোতলের দাম ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট জব্দ মূল্য দাঁড়ায় প্রায় ৭৮ লাখ টাকা।
নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন