
আশাশুনি প্রতিনিধি: যারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবন করে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন আশাশুনি থানার নবাগত ওসি জাহাঙ্গীর আরিফ।
শনিবার সকালে আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।
এসময় তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল টাইমে কোন বখাটেকে স্কুলের সামনে দাঁড়াতে দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম মোটরসাইকেল যোগে টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না। সেই সাথে মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, আশাশুনি থানায় কোন মামলা, জিডি এবং অভিযোগ করতে এক টাকাও লাগবে না। কেউ কোন মিথ্যা মামলায় পড়বে না। তদন্ত করব তারপরে মামলা রুজু করা হবে।
তিনি মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমি যতদিন আছি কোন সাংবাদিক আমার কাছ থেকে কোন মিথ্যা মামলা ও লাঞ্ছিত হবেন না।
মতবিনিময়কালে ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন