বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

আইন হয়েছে তিন বছর আগে। গেজেটও প্রকাশিত হয়েছে। কিন্তু এখনো শুরু হয়নি সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে আবারও উঠেছে বিশ্ববিদ্যালয়টি চালুর বিষয়টি। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া এখনো শেষ হয়নি; তবে খুব শিগগিরই উপাচার্য নিয়োগ দেওয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল খালেক সংসদে সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক মর্মে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। জবাবে শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়টির আইনি ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ১৩ নভেম্বর। যা ২০২৩ গেজেট আকারে প্রকাশিত হয় এবং এটি ২০২৩ সালের ৬২ নম্বর আইন। অর্থাৎ নতুন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন করার প্রয়োজন নেই। এখন মূল অপেক্ষা উপাচার্য নিয়োগ এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরুর।

২২ লাখ মানুষের জেলায় কেন প্রয়োজন বিশ্ববিদ্যালয়?
২০২২ সালের জনশুমারি অনুযায়ী সাতক্ষীরা জেলার জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮১ জন। মোট পরিবার ৫ লাখ ৬৬ হাজার ৭৫২টি। এত বড় একটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার নিজস্ব বিশ্ববিদ্যালয় না থাকায় উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীকে জেলার বাইরে যেতে হয়।
সদর আসনের সংসদ সদস্যের প্রত্যাশা, আইন হওয়ার পর আর দীর্ঘসূত্রিতা না রেখে দ্রুত বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করা হবে। তার মতে, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু হলে সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি জেলার অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
বিশ্ববিদ্যালয়টি সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের দাবি। আইন হয়েছে, এখন দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করাই হওয়া সময়ের দাবি। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এটি জরুরি।

নাগরিক নেতাদের দীর্ঘদিনের দাবি
সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সম্বয় কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা বলেন, সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এ দাবি তুলে এসেছে। ২০২১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব সরকারি পর্যায়ে গতি পায়। তৎকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকেও জেলার সমস্যা ও সম্ভাবনার আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছিল। একই সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবে সরকারি পর্যায়ে অনুশাসন দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতাদের বক্তব্যেও উঠে এসেছিল উপকূলীয় এই জেলার শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো জরুরি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি পুরো জেলার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশে পরিবর্তন আসতে পারে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের দাবির পর বিশ্ববিদ্যালয়ের আইন হয়েছে। এখন আর অপেক্ষা নয়, দ্রুত বাস্তবায়ন চাই। বিশ্ববিদ্যালয় হলে জেলার শিক্ষার পরিবেশ বদলাবে এবং নতুন প্রজন্মের সামনে সম্ভাবনার দরজা খুলবে।
সাতক্ষীরা শুধু পিছিয়ে থাকা একটি জেলা নয়, উপকূলীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বিশ্ববিদ্যালয় হলে শিক্ষা ও গবেষণা দুটোই এগিয়ে নেওয়া সম্ভব।
আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে ভাড়া বাড়িতে একাডেমিক কার্যক্রম শুরু করা যেতে পারে। এক্ষেত্রে জেলার রাজনৈতিক নেতাদের আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান তিনি।

উপকূলের সংকটই হতে পারে গবেষণার শক্তি
সাতক্ষীরার বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব শুধু উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে সীমাবদ্ধ নয়। এটি দেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা। লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তন এবং কৃষি ও মৎস্যসম্পদের ওপর এর প্রভাব এখানকার মানুষের দীর্ঘদিনের বাস্তবতা।
সংসদে শিক্ষামন্ত্রীও সাতক্ষীরার এই উপকূলীয় বাস্তবতার কথা উল্লেখ করেছেন। বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, কৃষি, খাদ্যবিজ্ঞান ও খাদ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষাবিদ আশেক-ই এলাহী বলেন, সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রধান শক্তি হতে পারে স্থানীয় সমস্যা। লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা, উপকূলীয় কৃষি ও মৎস্যসম্পদ নিয়ে গবেষণা হলে তার সুফল সরাসরি স্থানীয় মানুষ পেতে পারেন।

ভূমিহীন নেতা আলিনুল খান বাবলু বলেন, লবণাক্ততার কারণে সাতক্ষীরার কৃষিতে বড় পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যদি কৃষকের মাঠে গিয়ে কাজ করেন, লবণসহিষ্ণু ফসল ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে গবেষণা করেন, তাহলে কৃষকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।

শুধু ডিগ্রি নয়, উদ্যোক্তা তৈরির সুযোগ
২০২৩ সালে জাতীয় সংসদে উত্থাপিত বিলের উদ্দেশ্য ও কারণেও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের পাশাপাশি বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণের কথা বলা হয়েছিল।
ফলে বিশ্ববিদ্যালয়টি চালু হলে সাতক্ষীরার তরুণদের জন্য গবেষণার পাশাপাশি প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হতে পারে। কৃষি, মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি ও পরিবেশভিত্তিক নতুন উদ্যোগ গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে।
স্থানীয় তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আব্দুস সামাদ বলেন, বিশ্ববিদ্যালয় হলে শুধু চাকরির জন্য শিক্ষার্থী তৈরি না করে উদ্যোক্তা তৈরির সুযোগও দিতে হবে। সাতক্ষীরার কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনীতিকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করা গেলে নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে।

স্থানীয় অর্থনীতিতেও পড়বে প্রভাব
একটি বিশ্ববিদ্যালয় চালু হলে এর প্রভাব শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকে না। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্র করে আবাসন, পরিবহন, খাবার, বই-স্টেশনারি, প্রযুক্তিপণ্যসহ বিভিন্ন খাতে স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ড বাড়ার সুযোগ তৈরি হয়।
সাতক্ষীরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, বিশ্ববিদ্যালয় হলে সাতক্ষীরার শহর ও আশপাশের এলাকায় নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হবে। আবাসন, পরিবহন, খাবার, বই থেকে শুরু করে নানা ধরনের ব্যবসা বাড়বে। সবচেয়ে বড় বিষয়, শিক্ষার্থীদের একটি বড় বাজার তৈরি হবে।

আইন হয়েছে, এখন বাস্তবায়নের পালা
২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩ উত্থাপন করা হয়। ২ নভেম্বর বিলটি পাস হয়। পরে ১৩ নভেম্বর সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ গেজেট প্রকাশিত হয়। আইনটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার আইনি ভিত্তি সম্পন্ন হয়।
কিন্ত প্রায় তিন বছর পরও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। ফলে এখন সাতক্ষীরাবাসীর প্রশ্ন আইন হওয়ার পর এতটা সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে আর কত সময় লাগবে?

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়টি আর বিলম্বিত না করে দ্রুত কার্যকর করা হবে।
সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে বিশ্ববিদ্যালয়ের আইন হয়েছে। এখন দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হবে না, সাতক্ষীরার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসনের সমম্বয়ও গুরুত্বপূর্ণ
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয় প্রয়োজন হবে। অবকাঠামো, যোগাযোগ, নিরাপত্তা, ভূমি ব্যবস্থাপনা ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বিশ্ববিদ্যালয়টি চালু হলে জেলার শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমম্বয় ও সহযোগিতার সুযোগ থাকবে।

এখন প্রশ্ন একটাই কবে খুলবে দুয়ার ?
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখন আর নতুন করে আইন প্রণয়নের অপেক্ষা নেই। সংসদে বিল পাস হয়েছে, আইন হয়েছে, গেজেট প্রকাশিত হয়েছে। দীর্ঘদিনের দাবি আইনি স্বীকৃতিও পেয়েছে। এখন দৃশ্যমান অপেক্ষা উপাচার্য নিয়োগের। শিক্ষামন্ত্রী সংসদে জানিয়েছেন, খুব শিগগিরই উপাচার্য নিয়োগ দেওয়া হবে এবং এরপর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা যাবে। উপকূলের প্রায় ২২ লাখ মানুষের জেলা সাতক্ষীরায় তাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন এখন আর শুধু দাবি নয়, আইনের কাগজে তার অস্তিত্ব আছে। নাগরিক নেতা থেকে সংসদ সদস্য, শিক্ষাবিদ থেকে শিক্ষার্থী সবার প্রত্যাশা, সেই আইন এবার বাস্তব ক্যাম্পাসে রূপ নিক।
তিন বছর আগে যে আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পথ খুলেছিল, এখন সাতক্ষীরাবাসীর অপেক্ষা সেই পথ ধরে শিক্ষার্থীরা কবে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।

লেখক: গণমাধ্যমকর্মী, সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!