
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় বাড়িতে নকল ও ভেজাল সার-কীটনাশক মজুদের দায়ে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভেজাল সার-কীটনাশক জব্দের পর ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তালা উপজেলার লাউতাড়া গ্রামের মশিয়ার রহমানের বাড়িতে এই অভিযান চালায় র্যাব। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে জেল-জরিমানার আদেশ দেন।
মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসির সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসা করেন।
ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য ক্ষতিকর। অভিযানে মশিয়ার রহমানের বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন