
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বহু-অংশীজন প্ল্যাটফর্ম (এমএসপি)-এর সদস্য ও প্রধান কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় বড়দল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে পুষ্টিকর খাদ্য উৎপাদন, নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্য গ্রহণ, কৃষি উৎপাদনের সঙ্গে পুষ্টির সম্পর্ক এবং পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে আলোচনা করেন GAIN-এর কনসালট্যান্ট আতিকুর রহমান। তিনি বলেন, কৃষি উৎপাদনের মূল লক্ষ্য শুধু খাদ্যের পরিমাণ বৃদ্ধি নয়, বরং নিরাপদ, বৈচিত্র্যময় ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করাও জরুরি। কৃষকরা যদি পুষ্টি বিষয়ে নিজেরা সচেতন হন এবং পরিবারের পাশাপাশি আশপাশের কৃষকদের সচেতন করেন, তাহলে স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, ডাল, মাছ ও অন্যান্য পুষ্টিকর খাদ্য পরিবারের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন ও সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কৃষি ও পুষ্টি বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে কৃষক ও এমএসপি সদস্যদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুস সাকিব শাওন, বাইনতলা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, সাংবাদিক বিএম আলাউদ্দীন, ইউপি সদস্য এস এম জুলফিকার আলী, হাফিজা খাতুন তমা, শ্রাবন্তী বৈরাগী প্রমুখ।
প্রশিক্ষণে কৃষকদের নিজ নিজ এলাকায় পুষ্টি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং কৃষি উৎপাদনের সঙ্গে পরিবারের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন