
ডেস্ক রিপোর্ট: প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমার বাইরে গিয়ে চার নারীকে গল্পের কেন্দ্রে রেখে নির্মিত রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ দর্শকের নজর কেড়েছিল। এ বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি পেয়েছিল দর্শকের ভালো সাড়া। এবার সেই আলোচিত সিনেমাটিই আসছে ওটিটিতে।
কয়েক দিন ধরেই ‘প্রেশার কুকার’ ওটিটিতে মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে দেখা যাবে সিনেমাটি।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে হইচই। সিনেমাটির মুক্তি উপলক্ষে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি বার্তাও। সেখানে বলা হয়েছে, ‘ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?’
সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার সুযোগ না পাওয়া দর্শকদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ওটিটিতে মুক্তির ফলে এবার ঘরে বসেই ‘প্রেশার কুকার’ দেখার সুযোগ পাচ্ছেন তারা।
সিনেমাটির চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি। অতিথি চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও।
মন্তব্য করুন