
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ‘প্রবীণদের অধিকার রক্ষায় সকলের অংশগ্রহণ, আমাদের সমাজে প্রবীণদের অবদানের স্বীকৃতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা প্রবীণ কল্যাণ সংস্থার (সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) আয়োজনে উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয়। পরে লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা প্রবীণ কল্যাণ সংস্থার সভাপতি গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ডাক্তার আব্দুল কাদের।
বক্তব্য রাখেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন, অধ্যাপক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কবি আলী সোহরাব, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইলাদেবী মল্লিক, শান্তি চক্রবর্তী, ইউপি সদস্য আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোতলেবুর রহমান, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু বাচ্চু প্রমুখ।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনের শেষ পর্যায়ে নিরাপত্তা, সম্মান, মর্যাদা এবং স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পরিবার ও সমাজে প্রবীণদের অবদানের যথাযথ স্বীকৃতি এবং তাদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন ও অবহেলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, ১৯৮২ সালে ভিয়েনায় বিশ্ব প্রবীণ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে ভিয়েনা আন্তর্জাতিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
তারা আরও বলেন, বিশ্বে প্রবীণ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে তাদের যথাযথ স্বীকৃতি দিতে হবে।
মন্তব্য করুন