
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর প্রচারণানায় গোবর নিক্ষেপের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার উপজেলার ৫ নম্বর সোলাদানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভিলেজ পাইকগাছা গ্রামের মোটরস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা কৃষক দলের নেতারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। এরই অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম (বি.এস.এস) নিজের ছবি ও নির্বাচনী স্লোগানসংবলিত একটি প্রচারপত্র টানান। পরে কে বা কারা ওই প্যানায় তাঁর ছবির ওপর গোবর নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান। তাঁদের মতে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ বজায় রাখা জরুরি। প্রচারসামগ্রীতে এ ধরনের অসম্মানজনক আচরণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশের পরিপন্থী। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. মেছের আলী সানা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন, তাঁর প্রচারণায় গোবর নিক্ষেপের ঘটনায় তিনি ক্ষুব্ধ ও মর্মাহত। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মন্তব্য করুন