
ডেস্ক রিপোর্ট: শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি। ওই সময়ও যুক্তরাষ্ট্রে ছিলেন বিএনপির এই নেতা।
তবে তার পদত্যাগের পেছনে অন্য কারণও রয়েছে বলে দলীয় অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির অভ্যন্তরীণ সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় তার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অসন্তোষ থেকেও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ওসমান ফারুক কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হন এই বিএনপি নেতা।

মন্তব্য করুন