
শ্যামনগর প্রতিনিধি: বয়স কারও আট, কারও দশ বা তার কমবেশি। সবার হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই।’ কারও কণ্ঠে স্লোগান, কারও চোখেমুখে উদ্বেগ। যে বয়সে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সেই বয়সে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছে তারা। কারণ, বনে যেতে পারছেন না তাদের বাবা-মা। বন্ধ হয়ে গেছে পরিবারের উপার্জন। যার ধাক্কা লেগেছে পড়াশোনায়।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এবতেদায়ি মাদ্রাসা মাঠে জড়ো হয় দুই শতাধিক ছাত্র-ছাত্রী। সেখানে মানববন্ধন করে তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি জানায়।
এই শিশুদের বেশির ভাগের বাবা-মা সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া ধরে সংসার চালান। বনদস্যুদের আতঙ্কে তাঁরা এখন বনে যেতে পারছেন না। নৌকা বাঁধা ঘাটে, জাল গুটানো ঘরের বারান্দায়। আয় বন্ধ হওয়ায় সবার আগে টান পড়েছে ভাতের হাঁড়িতে। এরপর সেই টান গিয়ে পড়েছে সন্তানদের বই-খাতা, পোশাক আর পড়াশোনার খরচে।
মানববন্ধনে দাঁড়িয়ে গাবুরার দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অয়েজকুরুনী বলে, ‘আমার বাপ-মা বাঁদায় যাতি পারতে না। তাই আমরা পড়তি পারতিছি নে। তাঁরা আমাগো খরচ দিতি পারতিছে না। এক মাস, দুই মাস ধরে আমাগো ইকেনের মানুষেরা আন্দোলন করতিছে, তবুও সুন্দরবন দস্যুমুক্ত হচ্ছে না। তাই এবার আমরা নিজিরাই নামিছি। বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়, স্কুল-কলেজে পড়বো কেম্মায়?’
একই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হামিম ইসলামের বাবা সুন্দরবনে কাঁকড়া ধরেন। সেই আয়েই চলে সংসার, চলে হামিমের পড়াশোনা। ছেলেটি বলে, ‘আমার বাবা সুন্দরবন থেকে কাঁকড়া ধরে আমাগা সংসার চালায়। ওই টাকায় আমার পড়ার খরচ চলে। কিন্তু অখন ডাকাতির জন্যি বাবা বনে যাতি পারে না। প্রাইভেট স্যারের বেতনও তিন মাস ধরে বাকি। ভালো করে পড়তি পারতিছি না। সরকারের কাছে আমাগের দাবি, তাড়াতাড়ি সুন্দরবনকে ডাকাতমুক্ত করা হোক।’
মাদ্রাসার শিক্ষার্থী ঐশী আক্তারের চাওয়াটা আরও ছোট, আরও সরল। সে বলে, ‘আমার আব্বু বনে যাতি পারে না। তাই আমাগের পড়ার খরচ দিতি পারে না। এ জন্যিই মানববন্ধন করতি আসিছি। আমরা পড়তি চাই। আমাগের আব্বু যেন নিরাপদে বনে যায়ে কাজ করতি পারে, এইটাই আমাগের দাবি।’
শিশুদের এই আকুতির পাশে দাঁড়িয়েছেন অভিভাবকেরাও। আম্মাত হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘আমরা নিজিরাই ঠিকমতো খাতি পারতিছি না। বাঁদায় ডাকাত এত বেড়ে গেছে যে, বাঁদায় যায়ে কাজ করতি পারতিছি না। নিজিরই বাঁচার মতো পেটে ভাত নেই। ছেলেমেয়েগের লেখাপড়া করাব কেম্মায়?’
তাঁর কথায় স্পষ্ট, এ সংকট শুধু খাবারের থালায় থামে না। জীবিকার পথ বন্ধ হলে তার ধাক্কা গিয়ে লাগে সন্তানের ভবিষ্যতেও।
এ সংকটের ছায়া পড়েছে মসজিদ-মাদ্রাসাতেও। ৯ নম্বর সোরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম বলেন, উপকূলের মানুষের আয়-রোজগারের ওপর মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানও অনেকটা নির্ভরশীল। বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় জেলে-বাওয়ালিরা বনে যেতে পারছেন না। এতে পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে, অনেক অভিভাবক সন্তানের পড়ার খরচ দিতে পারছেন না। তিনি বলেন, ‘সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকার কাজে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক।’
মানববন্ধনে শিশুরা সমস্বরে স্লোগান দেয়, ‘পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই।’ জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় তারা।
গাবুরার এই শিশুরা শুধু একটি দাবির কথা বলছে না। তাদের আকুতি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, ‘এই শিশুদের চাওয়ায় কোনো জটিলতা নেই। ওরা বনে যেতে চায় না, ওরা চায় বাবা-মা নিরাপদে বনে যাক। বাবা-মায়ের নৌকা আবার ঘাট ছেড়ে গেলে, আবার ঘাটে ফিরলে ঘরে আয় ফিরবে। সেই আয়েই ওরা আবার বই-খাতা নিয়ে স্কুলে ফিরতে পারবে। শিক্ষকতার দীর্ঘ জীবনে দেখেছি, বাবা-মায়ের আয় বন্ধ হলে সবার আগে স্কুলের খাতা থেকে ছেলেমেয়েদের নাম হারাতে শুরু করে। আজ যারা সারিতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, তাদের অনেকের উপস্থিতি কমে যাচ্ছে। এই অভাব দীর্ঘ হলে অনেকে ঝরে পড়বে, এই শঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না। নদী আর বনের ওপর ভর করে বেঁচে থাকা এই জনপদে একটি পরিবারের নিরাপত্তা আসলে পরের প্রজন্মের শিক্ষারও নিরাপত্তা।’

মন্তব্য করুন