
ডেস্ক রিপোর্ট: মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় সাতক্ষীরায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ন্যূনতম কাটাছেঁড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন স্পাইন সার্জন ডা. মাহমুদুল হাসান পলাশ। তাঁর নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।
এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মেরুদণ্ডের জটিল রোগের চিকিৎসায় আধুনিক একটি পদ্ধতি। এতে ছোট ছিদ্রের মাধ্যমে বিশেষ ক্যামেরা ও সূক্ষ্ম অস্ত্রোপচার সরঞ্জাম ব্যবহার করে চিকিৎসা করা হয়। প্রচলিত বড় অস্ত্রোপচারের তুলনায় এ পদ্ধতিতে কাটাছেঁড়া কম হয়। ফলে অনেক ক্ষেত্রে রক্তক্ষরণ, অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা ও হাসপাতালে থাকার সময় কমে আসে। রোগীর শারীরিক অবস্থা ও রোগের ধরন অনুযায়ী দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হয়।
সাতক্ষীরার কাটিয়া এলাকার ৫৫ বছর বয়সী জেবুননাহারের শরীরে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। তাঁর ছেলে শিবলু জানান, মেরুদণ্ডের সমস্যা নিয়ে তাঁরা বেশ দুশ্চিন্তায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথাও ভাবছিলেন। কিন্তু নিজ জেলাতেই আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচার হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। এ জন্য চিকিৎসক ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চিকিৎসাসেবার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে সাতক্ষীরায় এই অস্ত্রোপচারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এতদিন মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচারের জন্য অনেক রোগীকে ঢাকাসহ দেশের বড় শহরে যেতে হতো। নিজ জেলায় আধুনিক এই চিকিৎসাপদ্ধতি চালু হওয়ায় সাতক্ষীরাসহ খুলনা বিভাগের রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হলো।
সাতক্ষীরার কৃতিসন্তান ডা. মাহমুদুল হাসান পলাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজে অর্থোপেডিক্স (স্পাইন সার্জন) বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন পর্যায়ে অগ্রণী অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সাতক্ষীরাসহ খুলনা বিভাগের রোগীদের কাছে পরিচিতি পেয়েছেন।
সাতক্ষীরায় অর্থোপেডিক্স ও মেরুদণ্ডের চিকিৎসায় তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উদ্যোগ রয়েছে। ২০১৯ সালে জেলায় প্রথম টোটাল হিপ সার্জারি সম্পন্ন করেন তিনি। এ ছাড়া ফিমারে প্রথম ক্লোজ ইন্টারলকিং নেইলিং, টিবিয়ায় ক্লোজ ইন্টারলকিং এবং প্রথম স্পাইন ফিক্সেশন অস্ত্রোপচারের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রায় সাত বছর আগে সাতক্ষীরায় প্রথম PLID (প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক) অপারেশনও সম্পন্ন করেন তিনি।
জটিল মেরুদণ্ডের অস্ত্রোপচারেও রয়েছে তাঁর সাফল্য। ঘাড়ের মেরুদণ্ডের হাড় সরে গিয়ে চার হাত-পা অবশ হয়ে যাওয়া এক রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটার সক্ষমতা ফিরিয়ে আনার নজির রয়েছে তাঁর। এ পর্যন্ত তিনি ১ হাজার ২শটিরও বেশি স্পাইন সার্জারিসহ ৫ হাজারের অধিক অর্থোপেডিক্স অস্ত্রোপচার সম্পন্ন করেছেন ডা. পলাশ।
পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন ডা. মাহমুদুল হাসান পলাশ। কর্মজীবনের শুরুতে ভারতের আটটি হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ নেন। পাশাপাশি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, দক্ষিণ কোরিয়ার ইয়াইন হসপিটাল, ফিলিপাইনের ম্যানিলার কার্ডিনাল মেডিকেল সেন্টার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং থাইল্যান্ডের ব্যাংককের থামাসাত মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডভান্সড প্রশিক্ষণ গ্রহণ করেন। এ ছাড়া তুরস্কের ইস্তাম্বুল কনভেনশন সেন্টার ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক বৈজ্ঞানিক আয়োজনে গবেষণাপত্র ও প্রবন্ধ উপস্থাপন করেছেন।
ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের মানুষের জন্য মেরুদণ্ড ও অর্থোপেডিক্সের উন্নত চিকিৎসা হাতের নাগালে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। জটিল রোগের চিকিৎসার জন্য যেন মানুষকে অযথা দূরে ছুটতে না হয়, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টদের মতে, সাতক্ষীরায় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সূচনা শুধু একটি সফল অস্ত্রোপচারের ঘটনা নয়; বরং জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের আধুনিক চিকিৎসা নিয়মিত ও সহজলভ্য হলে সাতক্ষীরাসহ আশপাশের জেলার মেরুদণ্ডের রোগীদের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

মন্তব্য করুন