বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকে স্বাধীনতার লড়াই: মতিউর রহমান আজও প্রাসঙ্গিক || ‎‎তারিক ইসলাম

‎বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে কিছু নাম কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ থাকে নি; বরং তা হয়ে ওঠেছে প্রজন্ম থেকে প্রজন্মে অজেয় সাহস, ত্যাগ ও আত্মমর্যাদার এক জীবন্ত বাতিঘর। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তেমনই একটি নাম। ১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে একটি যুদ্ধবিমান নিয়ে মাতৃভূমির স্বাধীনতাযুদ্ধে শামিল হওয়ার যে অদম্য প্রয়াস তিনি চালিয়েছিলেন, তা বিশ্ব সামরিক ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিরল ও রোমাঞ্চকর অধ্যায়। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে যখন আমরা দেশের ভবিষ্যৎ, নৈতিকতা ও জাতীয় দায়বদ্ধতা নিয়ে ভাবি, তখন মতিউর রহমানের জীবন ও আদর্শ নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।

‎‎১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে (বর্তমানে মতিউর নগর)। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একরোখা, সাহসী ও খেলাধুলাপ্রিয়। ঢাকা কলেজিয়েট স্কুলে পড়াকালীন ষষ্ঠ শ্রেণিতে থাকতেই তাঁর মনে আকাশে ওড়ার স্বপ্ন দানা বাঁধে। সেই স্বপ্ন পূরণে তিনি ভর্তি হন পশ্চিম পাকিস্তানের সারগোদায় অবস্থিত পাকিস্তান বিমানবাহিনী স্কুলে। গ্লাইডার প্রশিক্ষণে পারদর্শিতা দেখানো এই মেধাবী তরুণ ১৯৬০ সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাস করেন এবং ওই বছরই ১৫ আগস্ট ফ্লাইট ক্যাডেট হিসেবে রিসালপুর বিমানবাহিনী একাডেমিতে যোগ দেন। ১৯৬৩ সালে পাইলট হিসেবে কমিশন লাভ করে পেশোয়ারে ফাইটার স্কোয়াড্রনে যোগ দেন এবং পরবর্তীতে রিসালপুরে ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবেও সুনাম অর্জন করেন।

‎পাকিস্তান বিমানবাহিনীর উঁচু পদে কর্মরত থাকলেও মতিউর রহমানের মন পড়ে থাকত নিজের মাটি ও মানুষের কাছে। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও দেশাত্মবোধক গানের অনুরাগী এই বৈমানিক পশ্চিম পাকিস্তানে বসেও বাংলা চলচ্চিত্র দেখতেন এবং বাঙালির সংস্কৃতিকে ধারণ করতেন।

চাকরিজীবনে বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্য ও বিদ্বেষপূর্ণ আচরণ তিনি কাছ থেকে দেখেছেন। এমনকি আকাশে মহড়ার সময় দুর্ঘটনায় বিমান ধ্বংস হওয়ার পর কোর্ট মার্শালে একতরফা শাস্তির মুখোমুখি হওয়াও তাঁকে বঞ্চিত বাঙালির বাস্তবতা আরও গভীরভাবে উপলব্ধি করিয়েছিল।

‎১৯৭০ সালের শেষ দিকে ছুটিতে দেশে ফিরে তিনি দেখেন বাঙালির স্বাধিকার আন্দোলন চূড়ান্ত রূপ নিচ্ছে। ছুটি শেষে কর্মস্থলে না ফিরে তিনি রাজপথের মিছিল ও আন্দোলনে যুক্ত হন। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়ে নরসিংদীতে স্থানীয় যুবকদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেন। কিন্তু ২৫ মার্চের নির্মম গণহত্যা ও দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার মুখে তিনি উপলব্ধি করেন, প্রতিরোধ যুদ্ধকে আরও শক্তিশালী করতে একটি যুদ্ধবিমান প্রয়োজন। সেই কৌশলগত লক্ষ্য সামনে রেখেই মে মাসে সপরিবারে পশ্চিম পাকিস্তানে ফিরে যান এবং সুযোগের অপেক্ষায় থাকেন।

‎বাঙালি বৈমানিকদের ওপর পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষের কড়া নজরদারি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও মতিউর রহমান হাল ছাড়েননি। অবশেষে ১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মাশরুর বিমানঘাঁটিতে আসে সেই মাহেন্দ্রক্ষণ। রুটিন ফ্লাইটের জন্য প্রস্তুত একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু আকাশে ওড়ার পরপরই প্রতিকূল পরিস্থিতি ও যান্ত্রিক গোলযোগে বিমানটি বিধ্বস্ত হয় এবং পাকিস্তানের থাট্টা এলাকায় শাহাদতবরণ করেন এই বীর সূর্যসন্তান। স্বাধীনতার ৩৫ বছর পর, ২০০৬ সালে তাঁর দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

‎আজকের প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি আত্মপরিচয় ও দায়িত্ববোধের পাঠ। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ব্যক্তিগত সাফল্য, আরাম-আয়েশ ও নিরাপদ জীবনযাপনের প্রবণতা প্রায়শই বৃহত্তর স্বার্থকে আড়াল করে দেয়। অথচ মতিউর রহমানের কাছে আরাম বা নিরাপদ ক্যারিয়ারের চেয়ে বড় ছিল মাতৃভূমির মুক্তি।

‎বর্তমান প্রজন্মের তরুণদের জন্য তাঁর জীবন থেকে তিনটি বড় শিক্ষা জরুরি:

‎১.স্বপ্ন ও দক্ষতার সমন্বয়: ছোটবেলা থেকেই তিনি যে লক্ষ্য স্থির করেছিলেন, কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে তা অর্জন করেছিলেন। যেকোনো ক্ষেত্রেই নিজের দক্ষতাকে শাণিত করা দেশসেবার অন্যতম পূর্বশর্ত।

‎২.অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে বিবেক জাগ্রত রাখা: সুবিধাজনক অবস্থানে থেকেও অন্যায়ের কাছে নতি স্বীকার না করে নিজের বিবেক ও আদর্শের পক্ষে দাঁড়ানোর সাহস তিনি দেখিয়েছেন।

‎৩.নিঃস্বার্থ ত্যাগের মানসিকতা: নিজের জীবনকে বাজি রেখে অন্যের মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়ার যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা আজকের সমাজে পারস্পরিক দায়িত্ববোধ ও দেশপ্রেমকে উজ্জীবিত করে।

‎মিরপুরের সমাধিসৌধ কিংবা রামনগরের স্মৃতি জাদুঘর আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও মর্যাদা এমনি এমনি আসে না; এর পেছনে থাকে অকুতোভয় মানুষের রক্ত ও স্বপ্ন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আদর্শ ধারণ করে বর্তমান প্রজন্ম যদি জ্ঞান, সততা ও সাহসিকতা দিয়ে নিজেদের গড়ে তোলে, তবেই তাঁর আত্মত্যাগ সার্থক হবে।

লেখক : সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চুরি-জুয়া ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

২

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

৩

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

৪

আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকে স্বাধীনতার লড়াই: মতিউর রহমান আজও প্রাসঙ্গিক || ‎‎তারিক ইসলাম

৫

পদ্মপুকুরে ১৩৩৩ পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

৬

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

৮

কলারোয়া সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে টুঙ্গিপাড়ার যুবক আটক

৯

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১০

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১১

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

১২

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

১৩

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

১৪

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

১৫

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

১৬

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

১৭

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

১৮

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

১৯

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

২০
error: Content is protected !!