
আলী আজীম, মোংলা (বাগেরহাট): চিকিৎসা সেবার মান উন্নতকরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১১টায় মোংলা পৌর মার্কেটের মূল ফটকের সামনে ‘মোংলা উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, পৌর জামায়াতের পৌর আমীর এম এ বারী, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মোঃ সেলিম, ব্যবসায়ী নাসির তালুকদার, জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা মইন উদ্দিন মিলন, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান শুভ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোংলা একটি বন্দর নগরী। পাশাপাশি মোংলা হচ্ছে শিল্প নগরী, পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিতে থাকা অভিবাসনবান্ধব প্রথম শ্রেণীর পৌরসভা। মোংলা উপজেলা হাসপাতালে রামপাল, দাকোপ, মোড়েলগঞ্জ, শরণখোলাসহ নানান জায়গা থেকে মানুষ চিকৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটি ৫০ শয্যার হওয়ায় বর্ধিত রোগীর চাপ সামাল দিতে পারছে না। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হোক।
মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, সরকারকে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আশেপাশের উপজেলার চাপ এবং কর্মসংস্থানের জন্য ছুটে আসা মানুষের ভীড়ে মোংলা শহর এখন জনসংখ্যার ভারে ন্যুব্জ। বর্ধিত মানুষসহ সকল জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন প্রশ্ন রেখে বলেন, ২৮ জন চিকিৎসকের বিপরীতে ৫জন চিকিৎসক দিয়ে আর কতোদিন হাসপাতালের কার্যক্রম চলবে? তিনি ৫০ শয্যার মোংলা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবিকে ন্যায্য দাবি উল্ল্যেখ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি মেনে নেয়ার আহ্বান।
তিনি আরো বলেন, হাসপাতালের ভবনের অবস্থা খুবই নাজুক। যে কোন সময়ে পুরনো ভবন ভেঙে পড়তে পারে। তাই হাসপাতালের নতুন ভবন নির্মাণের দাবি জানাই।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন কার্যক্রম সব সময় চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে গাইনী ও এনেসথেসিয়া বিশেষজ্ঞ পদায়নের জোর দাবি জানান।
মন্তব্য করুন