
আলী আজীম, মোংলা: সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুন্দবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে- এমন গােপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলেরা হলেন, মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)। তারা সকলেই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ১০ অক্টোবর তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদাযের উদ্দেশ্যে নির্যাতন করে।
উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন