বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মে ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন, অভয়ারণ্যে প্রভাবশালীদের রুখবে কে?

oplus_2097154

সুলতান শাহাজান, শ্যামনগর: তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশসহ সাধারণ মানুষের চলাচলেও থাকবে নিষেধাজ্ঞা। বন্ধ থাকবে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস-পারমিট।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে সুন্দরবনসংলগ্ন শ্যামনগর জনপদে মাইকিং করা হয়েছে।

সুন্দরবনের নদী-খালে মাছ এবং বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সরকারি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

নিষেধাজ্ঞা সামনে রেখে ইতোমধ্যে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছেন সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালী ও মৌয়ালরা।

তবে, নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়ার বিষয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে তাদের মধ্যে।

বনজীবীরা বলছেন, সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করেই তাদের সংসার চলে। তিন মাস সংসার চালানোর মতো সঞ্চয় করা টাকাও নেই। বন্ধের দিনগুলোয় তাদের জন্য সরকারি যে সহায়তা দেওয়া হয়, তা চাহিদার তুলনায় সামান্য। সরকারি সহায়তার বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। এছাড়াও বনজীবীদের অভিযোগ প্রকৃত বনজীবীরা সরকারি বরাদ্দ পায় না।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক স্টেশন রয়েছে। আর এসব স্টেশনের আওতায় ২ হাজার ৯০০টি নৌকার সুন্দরবনে প্রবেশের বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, শ্যামনগরে নিবন্ধিত জেলে রয়েছে ২৩ হাজার ৯২৮ জন। তবে নিষেধাজ্ঞার সময় ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি সহায়তার চাল পাবে মাত্র ৮ হাজার ৩২৪ জন। এসব জেলেকে ৩ মাসে দুই ধাপে ৭৭ কেজি করে চাল দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনে ওপর নির্ভরশীল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৫০ হাজারেরও বেশি বনজীবী ও ট্রলার চালক বেকার হয়ে পড়বে।

সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকার মালঞ্চ নদীর পাড়ে গিয়ে দেখা যায়, সুন্দরবন থেকে ঘরে ফিরছেন জেলে ও মৌয়ালরা। পরের ৩ মাস কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তার কথা শোনাচ্ছিলেন তারা।

ওই এলাকার বাসিন্দা বনজীবী মাসুম বিল্লাহ বলেন, নিষেধাজ্ঞার সময় পরিবার-পরিজন নিয়ে তিন বেলা ঠিকমতো খাবার জোটে না। মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোনো মতে বেঁচে থাকা ছাড়া আর উপায় নেই।

একই কথা বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকার বাসিন্দা সুন্দরবনের মাছধরা জেলে আবুল ঢালীর। তিনি জানান, টানা ছয় দিন সুন্দরবনের নদী ও খালে মাছ ধরে সকালে লোকালয়ে ফিরেছেন। খুব বেশি মাছ ধরতে পারেননি। সামনের ৯২ দিন বন্ধের সময় সংসার চালানোর মতো সঞ্চয় করা টাকা নেই। এ নিয়ে বিপদে আছেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালী গ্রামের বাসিন্দা সুন্দরবনের মাছ ধরা জেলে খালেকুল গাজী বলেন, আমাদের বন্ধের এই তিন মাস খুব কষ্টে কাটবে। আমরা মূলত সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করি। কেউ মধু সংগ্রহ করেন। বনে প্রবেশ নিষিদ্ধ থাকায় সব ধরনের রোজগারের পথ বন্ধ হয়ে গেল।

তিনি আরো জানান, সরকারিভাবে যাদের জেলে কার্ড ও বিএলসি রয়েছে তাদেরকে দুই ধাপে ৭৭ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। তার দাবি সরকারি সহায়তায় যাদেরকে চাল দেয়া হয় সেটিও প্রকৃত জেলেরা পান না। মূলত যাদের বিএলসি আছে তাদের অধিকাংশই সুন্দরবনে যায় না। বিএলসি ধারীরা অধিকাংশই প্রভাবশালী ও বিত্তবান। প্রভাবশালী ও বিত্তবানরা প্রভাব খাটিয়ে নামে-বেনামে একাধিক বিএলসি করে রেখেছে। আর তারা ওই বিএলসি ভাড়া দিয়ে খায়। আর যারা প্রকৃত বনজীবী তারা কোনরকম সরকারি সহায়তা পায় না।

সাতক্ষীরা রেঞ্জের ট্রলার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, জুন থেকে আগস্ট ট্রলারচালক, চালক সহযোগী ও পর্যটক গাইড সবাই বেকার হয়ে পড়ে। তাদের বিকল্প কোনো কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করতে হয়। তিনি এই নিষেধাজ্ঞার সময় সুন্দরবনে কর্মরত জেলে ও বাওয়ালীসহ ট্রলারচালক, চালক সহযোগী ও পর্যটক গাইডদের খাদ্য সহযোগিতা ব্যবস্থা করার দাবি জানান।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম জানান, সুন্দরবনের বন্য প্রাণীসহ নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষায় জুন থেকে পরবর্তী তিন মাস সুন্দরবন পুরোপুরি বন্ধ থাকবে। এ সময়ে কোনো পর্যটক বা বনজীবী প্রবেশ করতে পারবেন না। কেউ অনুপ্রবেশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনে প্রবেশের জন্য নতুন করে কাউকে পাস (অনুমতি পত্র) দেয়া হবে না। একই সঙ্গে বন বিভাগের নিয়মিত স্মার্ট পেট্রোলিং টিম তাদের অভিযান অব্যাহত রাখবে। সুন্দরবনের ভিতরের অফিসগুলোকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তারা প্রতিদিন নিয়মিত টহল দেবে।

এদিকে এই নিষেধাজ্ঞা লোক দেখানো উল্লেখ করে সুন্দরবন নির্ভরশীল বনজীবী যিনি সুন্দরবনের মাছ-কাঁকড়া ধরে জীবন ও জীবিকা নির্বাহ করেন, এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে কারণে সুন্দরবনের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় সেই কাজ শতভাগ হয় না, হয় লোক দেখানো কিছু কাজ।

তিনি বলেন, নিষেধাজ্ঞাটা কিন্তু গোটা সুন্দরবনে। এ কারণে বনের ভেতরের নদী-খালে সাধারণ জেলেরা যেতে পারেন না। কিন্তু যারা গভীর সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরেন, তাদের জন্য কিন্তু এ সময়টা সুবর্ণ সুযোগ। কারণ, তখন সাধারণ জেলেরা থাকে না, মানুষ থাকে না। খুব সহজেই তারা ঢুকে যেতে পারে।

সুন্দরবনের আয়তনের শতকরা ৫০ ভাগের বেশি এখন অভয়ারণ্যভুক্ত উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে সেখানে কিছু অসাধু কর্মকর্তা মাছ-কাঁকড়া ধরার অবাধ সুযোগ করে দেয়। ওই ব্যক্তি বলেন, সাধারণ সময়েই ওদের আটকানো যায় না, আর এখন তো নিষেধাজ্ঞা। কেউ নেই আশেপাশে, কেউ দেখবেও না।

তাছাড়া ওই চক্রের সঙ্গে বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, অসাধু চক্রের অধিকাংশই প্রভাবশালী, বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তাদের আতাঁত রয়েছে। অভয়ারণ্যের মুখসহ পুরো বনের ভেতরে রয়েছে বনবিভাগের টহল ফাঁড়ি। এছাড়াও রয়েছে বনবিভাগের বিশেষ টহল স্মার্ট পেট্রোল টহল। এসবের মধ্যে বন বিভাগের দৃষ্টির আড়ালে অভয়ারণ্যে যাওয়া অসম্ভব। অথচ অসাধু ওই চক্র (মাছ কোম্পানি নামে পরিচিত চক্র) নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবন ইজারা নেওয়ার মতো করে অভয়ারণ্য দখল করে নেয়। এই নিষেধাজ্ঞা তাদের জন্য নাকি ‘লাকি নিষেধাজ্ঞা’ এমনটিই সুন্দরবন নির্ভরশীল সাধারণ জেলেদের মুখে মুখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১০

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১১

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১২

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৩

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৪

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৫

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৭

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৮

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৯

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

২০