
কয়রা (খুলনা) প্রতিনিধি: জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন থেকে লোকালয়ে আসা একটি অজগর সাপ উদ্ধার করে তা বনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ৮টার দিকে বনবিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়।
এর আগে খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের আতিয়ার রহমান গাজীর বাড়ির মুরগীর খোপে অজগর সাপটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়া হয়। তাৎক্ষণিক বন কর্মী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। সাপটি ৮ ফুট লম্বা। যার ওজন ১০ কেজি।
আতিয়ার রহমান জানান, তার স্ত্রী সকালে মুরগী ছাড়ার সময় খোপে সাপটি দেখতে পেয়ে তাকে জানায়। পরে তিনি বন বিভাগে খবর দেন। এর মধ্যে অজগর সাপটি দুটি মুরগী খেয়ে ফেলে।
স্থানীয় ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী জানান, অজগর সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের অধীনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন