

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদুল আযহার নামাজকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের বোমা হামলায় আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে ও বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগ্নে।
শনিবার রাত ৯টার দিকে ডুবপাড়া জামতলা মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামী লীগ সমার্থক কিছু লোকজন ঈদগাঁহ মাঠে ঈদুল আযহার নামাজ আদায় করতে গেলে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ (৩৫) তাদের নামাজ পড়তে বাধা দেন। এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারণ সম্পাদক মোক্তার আলী দুই পক্ষের সাথে বসে সমঝোতা করে দেন। রাত ৯টার দিকে আব্দুল হাই ডুবপাড়া গ্রামের জামতলার মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এই সময় ওয়ার্ড বিএনপির নেতা জামসের আলীর ছেলে আবু সাঈদ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে বিএনপির সমর্থক আব্দুল হাই এর উপর বোমা নিক্ষেপ করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবু সাঈদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সমর্থক বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আবু সাঈদসহ হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন