
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর ঘের থেকে ইমরান (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাজির হাট তেলপাম্প সংলগ্ন এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইমরান উপজেলার কেরালকাতা ইউনিয়নের ছদর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার পর থেকে ইমরানের খোঁজ মিলছিল না। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। বুধবার সকালে ঘেরের পানিতে ভাসমান মরদেহটি প্রথমে চেনা যায়নি। পরে তার সঙ্গে থাকা আইডি কার্ড ও মানিব্যাগ দেখে পরিচয় শনাক্ত করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘেরের পানিতে মরদেহটি উপুড় হয়ে ভাসছিল। তার মরদেহ ফুলে এবং আংশিক গলে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য করুন