
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে সড়কের পাশ থেকে বিজন কুমার দে (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামের একটি সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজন কুমার দে পার্শ্ববর্তী পাইথালী গ্রামের বাসিন্দা ও পাইথালী দূর্গামন্দির সমিতির সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিজন কুমার দে’র বড় ছেলে প্রণব দে, জানান মঙ্গলবার (গতকাল) সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যান তারপর আর ফিরে আসেন নি। রাতে না ফেরায় দুশ্চিন্তায় ছিল পরিবারের সবাই। পরে সকালে মরহে উদ্ধার হওয়ার খবর পান। তার বাবা সুস্থ সবল একজন মানুষ ছিলেন। তিনি এই মৃত্যু রহস্য দ্রুত উদঘাটনের জন্য দাবি জানান।
নিহতের ভাই স্কুল শিক্ষক রঘুনাথ দে জানান, তার বড় ভাই বিজন কুমার দে সন্ধ্যার দিকে স্থানীয় পাইথলি বাজারে যান। স্ত্রী আগেই মারা যাওয়ায় তিনি বাড়িতে একা এক ঘরে থাকতেন। তার পুত্রবধূ রাতে ঘরে খাবার রেখে আসতো। তিনি বাড়ি এসে খেয়ে নিতেন। কিন্তু বুধবার সকালে ঘরে যেয়ে দেখা যায় খাবার যেভাবে রাখা ছিল সেই ভাবেই রয়েছে। তিনি রাতে বাড়িতে ফেরেননি। পরে লোকজনের মাধ্যমে জানতে পারলাম পার্শ্ববর্তী কুন্দড়িয়া চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে রয়েছে। বিষয়টি সাথে সাথে আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন