
ডেস্ক রিপোর্ট: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটাকে উপজেলা করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটা পাঁচরাস্তার মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই আশ্বাস দেন।
তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি। এসময় উপজেলা ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, পাটকেলঘাটা থানা সদরে হাজার-হাজার সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে, পাটকেলঘাটার মাটি তারেক রহমানের ঘাটি। পাটকেলঘাটার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। বিএনপি ক্ষমতায় থাকাকালে পাটকেলঘাটা থানা হয়েছে। এছাড়া রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটাকে উপজেলা করা হবে।
এর আগে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন