
ডেস্ক রিপোর্ট: মুক্তির চার দিনের মাথায় বক্স অফিসে বাজিমাত করল তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ‘মা ইনতি বাঙ্গারাম’। নিজের প্রথম প্রযোজিত ছবিতেই সাফল্যের দেখা পেলেন তিনি। ইতোমধ্যেই সিনেমাটির বেশ কয়েকটি দৃশ্য ভাইরাল হয়েছে। নেটমাধ্যমে চলছে আলোচনার ঝড়।
নারীপ্রধান সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই তারকা। তবে কেন এত আলোচনা। কী আছে এই সিনেমা?
আরও পড়ুন: রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!
মুক্তির প্রথম সপ্তাহে ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ৪৩ কোটি রুপির গ্রস কালেকশন পার করে। সোমবারের হিসাব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৪৬ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারের মাত্র চার দিনে ১৪.৬ কোটি রুপি আয় করেছে। যা সুপারস্টার রাম চরণের ‘পেড্ডি’র সমান। অথচ ‘পেডি’-এর টিকিটের মূল্য ছিল সামান্থার সিনেমার চেয়ে প্রায় দ্বিগুণ!
তেলুগু সিনেমায় নায়িকাদের অবস্থান
তেলুগু সিনেমা ইন্ডাস্টির নায়িকাদের ততটা গুরুত্ব দেওয়া হয় না। ইন্ডাস্টির শুরুর দিকে অভিনেত্রী সাবিত্রী কিংবা আশির-নব্বইয়ের দশকে বিজয়াশান্তির মতো অভিনেত্রীরা একাই সিনেমা হিট করাতেন। কিন্তু এরপর লম্বা সময় নায়িকাদের শুধু শো-পিস বা গ্ল্যামার বাড়ানোর জন্য ব্যবহার করা হতো। গল্পে তাঁদের বিশেষ কোনো ভূমিকা থাকত না। ২০০৯ সালে আনুশকা শেঠির ‘অরুন্ধতী’ সিনেমাটি এই চেনা রূপ কিছুটা বদলে দেয়। এরপর ‘রুদ্রমাদেবী’, ‘ভাগামতি’ কিংবা কীর্তি সুরেশের ‘মহানটি’ দারুণ ব্যবসা করে। তবে এগুলোকে সবাই ব্যতিক্রম হিসেবে দেখা হতো।
‘মা ইনতি বাঙ্গারাম’ কেন আলাদা?
পরিচালক নন্দিনী রেড্ডি আর সামান্থা আগে থেকেই চেয়েছিলেন পর্দায় নারীদের বলির পাঁঠার ইমেজটা ভেঙে দিতে। তাঁরা চেয়েছিলেন রজনীকান্তের ‘বাশা’ সিনেমার মতো ভরপুর অ্যাকশন আর কমার্শিয়াল হিরো হিসেবে সামান্থাকে পর্দায় আনতে। ‘মা ইনতি বাঙ্গারাম’ মূলত পারিবারিক অ্যাকশন সিনেমা। ট্রেইলারে শাড়ি পরে বাসের ভেতরের সামান্থার মারপিটের দৃশ্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। সাধারণত পুরুষ সুপারস্টারদের পর্দায় আসার সময় দর্শকেরা যেভাবে হাততালি দেয়। সামান্থার অ্যাকশন দৃশ্য দেখেও প্রেক্ষাগৃহে একই উন্মাদনা তৈরি হয়। সিনেমার সাফল্যের পেছনে ওই দৃশ্যের বিশেষ ভুমিকা রয়েছে।
‘মা ইনটি বাঙ্গারাম’ সিনেমার খুঁটিনাটি
সিনেমাটি পরিচালনা করেছেন বি. ভি. নন্দিনী রেড্ডি। যৌথভাবে প্রযোজনা করেছেন সামান্থা রুথ প্রভু, রাজ নিডিমোরু ও হিমান্ক রেড্ডি দুভুরু। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন, চিত্রগ্রহণে ছিলেন ওম প্রকাশ এবং সম্পাদনা করেছেন ধর্মেন্দ্র কাকারলা। ‘ত্রিলিল মুভিং পিকচার্স’-এর ব্যানারে নির্মিত সিনেমায় সামান্থা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী এবং শ্রীমুখী।
প্রসঙ্গত, ‘মা ইনটি বাঙ্গারাম’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারীকে কেন্দ্র করে। যার জীবনে একটি গোপন রহস্য রয়েছে। একটি ঐতিহ্যবাহী পরিবারে নিজের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু একসময় যখন তার অতীত এসে বর্তমানের মুখোমুখি দাঁড়ায় তখন নিজের পরিবারকে বাঁচাতে একাই লড়াইয়ে নামেন তিনি।
মন্তব্য করুন