
ডেস্ক রিপোর্ট: আগামী ২৮ জুন দেশব্যাপী পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইনে জেলার মোট ২ লাখ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৫,৮০২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: আব্দুস সালাম ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য ও প্রস্তুতির বিবরণ তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: এসমত জাহান সুমনা, মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: আব্দুস সালাম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেবল শিশুদের অন্ধত্ব থেকেই রক্ষা করে না, বরং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে শিশু মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনে।
তিনি আরও উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুর জন্মের পর প্রথম ৬ মাস পর্যন্ত মায়ের শালদুধ এবং পরবর্তী সময়ে সাধারণ খাবারের পাশাপাশি রঙিন শাকসবজি খাওনোর ব্যাপারেও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে তিনি গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সাতক্ষীরা জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার মোট ১,৯৩৮টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে সুন্দরবন উপকূলীয় ও চরাঞ্চলসহ দুর্গম এলাকার (৩৩৬টি কেন্দ্র) শিশুদের দিকে বিশেষ নজর দেওয়া হবে যেন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়।
মন্তব্য করুন