
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বাংলা একাডেমির সাবেক পরিচালক, বিশিষ্ট সাহিত্যিক ড. গোলাম মঈনউদ্দিন রবিবার (১৯ অক্টোবর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) গবেষক ড. গোলাম মঈনউদ্দিন ১৯৪৪ সালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এম জওহর আলী ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। ড. মঈনউদ্দিন ছিলেন নলতা হাইস্কুলের ১৯৬০ ব্যাচের ছাত্র। তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ড. গোলাম মঈনউদ্দিন রচিত গ্রন্থের সংখ্যা ৩০ এর অধিক, এসবের মধ্যে রয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ ও সম্পাদনা। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী সম্পাদনা। কার্যত তিনি একজন খানবাহাদুর আহ্ছানউল্লা গবেষক। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জীবন-কর্ম-সাহিত্যকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে যে প্রচার, পাঠ ও গবেষণা ধারার সৃষ্টি হয় তার পথিকৃৎ ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
এছাড়া তার মৃত্যুতে আহ্ছানিয়া মিশন পরিবার গভীরভাবে শোকাহত।
মন্তব্য করুন