
ডেস্ক রিপোর্ট: অর্থাভাবে অনার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া মেধাবী ছাত্রী রত্না খাতুনের পড়ালেখার দায়িত্ব নিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম।
বুধবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে গিয়ে রত্নাকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি করিয়ে দেন তিনি।
জানা গেছে, অদম্য ইচ্ছাশক্তি থাকলেও দারিদ্র্য ও মায়ের দীর্ঘমেয়াদী অসুস্থতায় পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল রত্নার। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ দেখে এগিয়ে আসেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম। তিনি রত্নার বিষয়ে খোঁজখবর নিয়ে তার পাশে দাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পরে বুধবার তাকে সঙ্গে নিয়ে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করেন।
ভর্তির পর রত্না বলেন, ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছিলাম না। আজ ভর্তি হতে পেরে আমি অনেক খুশি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, অভাব কোন পর্যায়ে না পৌঁছালে সাতক্ষীরার মতো একটি জায়গাতে সরকারি কলেজেও একজন ছাত্রী ভর্তি হতে পারে না। তাই সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি সম্পন্ন হয়েছে। আগামীতেও আমাদের বোন রত্নার জন্য সহযোগিতা অব্যাহত থাকবে। তাকে বলেছি পড়াশুনাটা ভালো করে করতে।
রত্নার ভর্তির সময় আরো উপস্থিত ছিলেন দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, ছাত্রনেতা সোহান, সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থী মিম সুলতানা প্রমুখ।
প্রসঙ্গত, রত্না সাতক্ষীরা দ্য পোল স্টার পৌর হাই স্কুল থেকে এসএসসি এবং ছফুরন্নেসা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে। পরে সে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পায়। কিন্তু অর্থাভাবে ভর্তি হতে না পারায় তার শিক্ষাজীবন ঝুঁকির মুখে পড়ে।
রত্নার মা রহিমা বেগম কুষ্ঠরোগে আক্রান্ত। এই রোগে তাঁর হাতের দশটি ও পায়ের তিনটি আঙুল নষ্ট হয়ে গেছে। অসুস্থ শরীর নিয়েও তিনি হাঁস-মুরগি পালন ও মানুষের সহায়তায় কোনোমতে সংসার চালান।
মন্তব্য করুন