
আলী আজিম, মোংলা: বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল লাগোয়া বনাঞ্চলে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটিকে উদ্ধারে রোববার (০৪ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করতে পারেনি বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে। শনিবার দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে পাঠানো হয়।
তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। এরপর বনবিভাগের স্টাফেরা শরকির খাল পাড় এলাকা কর্ডন করে রেখেছে, যাতে কোন লোকজন সেখানে যেতে না পারে।
তিনি বলেন, খাল পাড় থেকে আধা কিলোমিটার বনের ভিতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে। শনিবার গভীর রাতে সেখানে ফাঁকা গুলি ছুড়া হবে, শব্দে যাতে বাঘটি ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে পারে।
তারপরও বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেনারী সার্জন আনা হচ্ছে। তিনি রোববার সকালে পৌঁছালেই বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে দরকার হলে ট্যাংকুলাইজার গ্যান ব্যবহার করা হবে। গুলির মাধ্যমে এ ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হবে।
ট্যাংকুলাইজার করার পর বাঘটি আধা ঘন্টা অচেতন থাকবে। তখন সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে।
এছাড়া বাঘটি যদি অন্য কোন আঘাতে অসুস্থ হয়ে থাকে তাহলে সেটি উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। বন বিভাগের পক্ষ থেকে এ জন্য যেন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে বাঘ আটকে পড়ার খবরে, সন্ধ্যা থেকে ওই এলাকায় স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে।
তবে বনবিভাগ বনের ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ দল সেখানে কাজ করছে।
করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবরি বলেন, বাঘটি বন বিভাগের নজরদারিতে রয়েছে। উদ্ধারের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম রওনা দিয়েছে। প্রচন্ড কুয়াশা আবহাওয়া অনুকূলে নাই। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে খুব স্বল্প সময়ের মধ্যে বাঘটিকে উদ্ধার কাজ শুরু করতে পারব।

মন্তব্য করুন