কেশবপুর (যশোর) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে প্রতিপক্ষের মাথা নষ্ট হয়ে গেছে। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধীতা করেছিল। ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধীতা করেছিল। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করবো।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষে প্রতীকের পক্ষে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মোকসেদ আলম, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম আবুল হোসেন প্রমূখ।

মন্তব্য করুন