কেশবপুর (যশোর) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, ধানের শীষ শান্তি, স্বস্তি ও উন্নয়নের প্রতীক। এ জন্যে সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষদের মাথা নষ্ট হয়ে গেছে। ১৯৭১ সালে তারা বাংলাদেশের বিরোধীতা করেছিল। ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করবো।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সুফলাকাটি ইউনিয়নে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাসীদের স্থান থাকবে না। চাঁদাবাজদের চাঁদাবাজী করার সুযোগ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে ইউনিয়নের কালাগাছি গ্রামের পাল পাড়াসহ বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বিশ্বাস, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী প্রমুখ।

মন্তব্য করুন