
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমি কোন চাওয়া ও পাওয়ার জন্য আসি নি। আমার যা কিছু আছে তা গরীব ও দুস্থদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি দলকানা না। সাতক্ষীরার প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাব। আপনারা যারা প্রশাসনের বিভিন্ন বিভাগ পরিচালনা করেন আপনাদের সহানুভূতি, সহযোগিতা চাই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস আব্দুল খালেক মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত পরিবেশ এবং পরিকল্পিত অবকাঠামোগত প্রয়োজন। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে একটি উন্নত ও সুন্দর জেলায় রূপান্তর করা সম্ভব।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে ও এসিল্যান্ড মো: বদরুদ্দোজার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকতা শরিফুল ইসলাম, সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
সভায় সাতক্ষীরার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকরী পদক্ষেপের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, জামায়াত নেতা ওমর ফারুক, হাবিবুর রহমান, মাওলানা আব্দুর সবুর, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, সাংবাদিক আবু সাইদ বিশ্বাস প্রমুখ।
সভায় সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ খুব শান্তি প্রিয়। দীর্ঘ ১৭ মাস আমি এখানে কর্মরত আছি। মানুষের প্রাপ্তিটা আমাদের কাছে অনেক বেশি। তবে আমাদের সীমাবদ্ধতা আছে। এরপরও আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, চুরির মূলেই রয়েছে মাদক। আর মাদক বন্ধ হলে চুরি বন্ধ হবে। তাই মাদক বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন বলেন, সদরের জলাবদ্ধতা নিরসন করতে পারলে অনাবাদি ৫০০০ হেক্টর জমি চাষাবাদের আওয়তায় আনা যাবে।
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, শিক্ষকদের জাতীয়করণ, প্রতিষ্ঠানের ভবন উন্নয়ন, শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন, ট্রেন লাইনসহ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় টিসিবির পণ্য রাতের আধারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন সংগ্রামের সাংবাদিক আবু সাইদ বিশ্বাস।
ভোমরা বন্দরের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, অফিসে ঘুষবাণিজ্য বন্ধে কাযর্কর পদক্ষেপ নিতে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকতা শরিফুল ইসলাম সমাজ সেবা অফিসের একাডেমিক ভবন নির্মাণ, শিশুপার্কের সংস্কার, উপজেলা কমপ্লেক্স নির্মাণ, যানজট নিরসন, হলুদ সাংবাদিকতা রোধসহ ফুটপথ দখল মুক্ত করতে সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেন।


মন্তব্য করুন