The Editors
৪ মার্চ ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ফের ভয়াবহ জলাবদ্ধতার শংকা, করণীয় কী?

ডেস্ক রিপোর্ট: আসছে বর্ষা মৌসুমে ফের ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে সাতক্ষীরায়। গত বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতার কারণগুলো উদঘাটনপূর্বক পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা না নেওয়ায় এবারও সৃষ্টি হতে পারে একই অবস্থা। তাই জনদুর্ভোগ লাঘবে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা মোকাবেলার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের দাবি জানিয়েছেন সাতক্ষীরার নাগরিক নেতৃবৃন্দ।

বাড়ছে বৃষ্টিপাতের পরিমান
আসন্ন বর্ষা মৌসুমে সাতক্ষীরায় বৃষ্টিপাতের সম্ভাব্য হার নিয়ে এখনো কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে, বছর বছর বৃষ্টিপাতের পরিমান যে বাড়ছে, তা পূর্বের রেকর্ড থেকেই পরিমেয়।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ২০১৫ সালে সাতক্ষীরায় ১৮৩১ মি.মি. বৃষ্টিপাত হয়েছিল। আর ২০২৫ সালে বৃষ্টিপাতের পরিমান ২১৪০ মি.মি.। যা একেবারে কম নয়।

সাতক্ষীরায় জলাবদ্ধতা সৃষ্টির নেপথ্যে
সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছার বাসিন্দা আলী নুর খান বাবুল। বর্ষা মৌসুমের শুরু থেকেই পাঁচ থেকে সাত মাস জলাবদ্ধ থাকে তাদের এলাকা।

জলাবদ্ধতার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে আলী নুর খান বাবুল বলেন, পানি নিষ্কাশনের পথ না থাকায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের পিছন থেকে রসুলপুর, ইটাগাছা, কামালনগর, পলাশপোল, মধুমোল্লারডাঙ্গীসহ আশপাশের এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসময় বাড়িঘরে পানি ওঠে। টিউবওয়েল, পায়খানা সব পানিতে একাকার হয়ে যায়। রান্না-বান্নার উপায় থাকে না। অনেক পরিবারকে দিনে-রাতে সবসময় খাটের উপর থাকা লাগে। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া কষ্টকর হয়ে পড়ে। এ তো শুধু আমার এলাকার কথা বললাম, বর্ষা মৌসুমের শুরু থেকে পরবর্তী চার থেকে ছয় মাস পর্যন্ত সাতক্ষীরা পৌরসভা, সাতক্ষীরা সদর উপজেলা এমনকি সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন মনে হয় গোটা সাতক্ষীরা পানিতে ভাসছে। পানি নিষ্কাশনের কোনো পথ থাকে না। শুধুমাত্র রোদ বের হলেই যদি একটু পানি শুকায়।

জলাবদ্ধতা সৃষ্টির কারণ সম্পর্কে তিনি বলেন, আগে বর্ষার সময় ইটাগাছা-কামালনগরের পানি খড়িবিলা খাল দিয়ে নিষ্কাশিত হতো। কিন্তু এখন সর্বত্র অপরিকল্পিতভাবে মৎস্য ঘের করার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ঘেরগুলোতে আউট ড্রেন না থাকায় বাধে পানি আটকে থাকে। খালে পৌঁছাতে পারে না।

একই সাথে সাতক্ষীরা পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, পৌরসভার অধিকাংশ ড্রেনের মুখ নেই। ড্রেনেই পানি জমে ওভারফ্লো করে রাস্তাঘাট ডুবে থাকে।

আলী নুর খান বাবুলের সাথে সুর মিলিয়ে সাতক্ষীরার নাগরিক নেতা মাধবচন্দ্র দত্ত বলেন, ঘেরের আউট ড্রেন না রাখা, অপরিকল্পিতভাবে ঘের তৈরি করে মৎস্য চাষ করা, পানি নিষ্কাশনের খালগুলোতে বাধ, নেটপাটা দিয়ে বাধা সৃষ্টি কিংবা খাল দখল করে মাছ চাষ প্রভৃতি কারণে সমগ্র সাতক্ষীরা জেলাজুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সাতক্ষীরার মানুষের দুর্ভোগের শেষ থাকে না। যে ঘেরের কারণে জলাবদ্ধতা সেই ঘেরও ভেসে যায়। মাছও হয় না, ধানও হয় না। আগে যেসব জমি তিন ফসলী ছিল, এখন তা এক ফসলে পরিণত হয়েছে। এছাড়া রাস্তাঘাট, বাড়িঘরসহ সবকিছু পানিতে ডুবে আর্থসামাজিক অবস্থা ভেঙে পড়ে।

জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ যখন নিতে হবে
সারাবছর কোনো পদক্ষেপ না নিয়ে যখন ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে সাতক্ষীরা, ঠিক তখনই দৌড়ঝাপ শুরু করেন সংশ্লিষ্টরা। কিন্তু তা জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে ন্যূনতম ভূমিকা রাখতেও ব্যর্থ হয়। কারণ তখন পানি নিষ্কাশনের পথ বের করার কোনো উপায় থাকে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) তাদের এক গবেষণায় বলেছে, আগে বিলগুলোতে নয়নজোল বা আউটড্রেন ছিল। এগুলো মূলত পানি নিষ্কাশন ও সেচের জন্য ব্যবহৃত হতো। কিন্তু যত্রতত্র অপরিকল্পিতভাবে ঘের করে এসব আউটড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পানি নিষ্কাশনের পথগুলো তো বন্ধ হয়েছেই, উল্টো ঘেরের বাঁধে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়। একই সাথে আউট ড্রেন না রেখে অনেক জায়গায় সরকারি রাস্তাকে ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এতে হাজার হাজার কোটি টাকার রাস্তা নষ্ট হচ্ছে।

গবেষণায় জলাবদ্ধতা নিরসন ও সরকারি সম্পত্তি রক্ষায় প্রত্যেক ঘেরের মালিককে আউট ড্রেন রাখতে বাধ্য করার সুপারিশ করেছে সংস্থাটি।

আউট ড্রেনের বহুমুখী ব্যবহার তুলে ধরে জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ও মৎস্য চাষী মীর্জা সাদেক আলী বলেন, আগে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় আমাদের ঘের ভেসে যেত। আউট ড্রেন রাখার কারণে এখন আর জলাবদ্ধতা সৃষ্টি হয় না। তাই ঘেরও ভালো থাকে। একই সাথে আউট ড্রেন রাখায় ঘেরের পানি সরাসরি রাস্তা স্পর্শ করতে পারে না। এতে রাস্তাগুলোও ভালো থাকে।

এবিষয়ে পরিবেশ কর্মী ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশেক ই এলাহী বলেন, পানি নিষ্কাশনে ঘের করার সময় আউট ড্রেন রাখার বিকল্প নেই। কিন্তু ঘের মালিকদের আউট ড্রেন রাখার বিষয়ে এই বোরো মৌসুমেই উদ্যোগ নিতে হবে। কারণ বোরো ধান ওঠার পরপরই ঘের প্রস্তুত করা হয়। একবার ঘের প্রস্তুত করে মাছ ছাড়লে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের আর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয় না। একদিকে, তখন ঘের মালিকরা মাছ রক্ষার জন্য আরো বড় বাধ দেওয়ার চেষ্টা করে, অন্যদিকে প্রশাসন পানি নিষ্কাশনের জন্য বাঁধ কাটার চেষ্টা করে। তাই ঘের প্রস্তুত করার সময়ই পানি নিষ্কাশনের আউট ড্রেন রাখার বিষয়ে ঘের মালিকদের বাধ্য করতে হবে। এজন্য প্রয়োজনে এখনই ঘের মালিকদের নিয়ে বৈঠক করে তাদের করণীয় জানিয়ে দেওয়া যেতে পারে। যারা মানবে না, তাদের আইনের আওতায় আনতে হবে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল বলেন, পৌরসভার কোন এলাকার পানি কোন পথ দিয়ে নিষ্কাশিত হবে, তা এখন ঠিকই করে সংশ্লিষ্ট এলাকার ড্রেনগুলোর মুখ বের করতে হবে। অনেক এলাকায় আগে জলাবদ্ধতা ছিল না, কিন্তু ড্রেন করার পর ড্রেনের মুখ না থাকায় এখন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এটা হাস্যকর এবং দুঃখজনক। একই সাথে কোন এলাকার পানি কোন খাল-বিল-নালা দিয়ে নদীতে নিষ্কাশিত হবে, সেসব এলাকায় কি কি বাধা আছে, আদৌ পানি নিষ্কাশনের পথ আছে কি না, তা এখনই দেখতে হবে। জলাবদ্ধতার হাত থেকে বাঁচতে বর্ষা মৌসুমের অপেক্ষায় থাকলে চলবে না।

ড্রেনেজ ব্যবস্থা নিয়ে যা বলছে পৌর কর্তৃপক্ষ
সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম নুর আহম্মদ বলেন, পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জার্মান দাতা সংস্থা কেএফডাব্লুর সহায়তায় ২ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। আরও ১০ কিলোমিটারের ট্রেন্ডার হয়ে গেছে। এছাড়া পূর্বে নির্মিত ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। কিছু কিছু জায়গায় সমস্যা আছে। যেমন যখন ড্রেন করা হয়েছে, তখন নিচু ছিল, সামনে বিল ছিল। এখন বাড়িঘর হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এ বিষয়গুলোও আমরা দেখবো।

জলাবদ্ধতা সংক্রান্ত বিষয়ে যা বলছে স্থানীয় কর্তৃপক্ষ
গত মৌসুমের জলাবদ্ধতার অভিজ্ঞতা তুলে ধরে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, মৎস্য ঘের তৈরির সময় ড্রেনেজ ব্যবস্থা না রাখাই জলাবদ্ধতার প্রধান কারণ। এজন্য পরিকল্পিত উপায়ে ড্রেনেজ ব্যবস্থা রেখে মৎস্য ঘের তৈরি করতে হবে। আমাদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই কম। বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
এজন্য পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটগুলো মেরামত, খালগুলো থেকে নেট পাটা অপসারণ, খাল বা নদীর পাশে যত্রতত্র স্থাপনা নির্মাণে বাধা দেওয়া, এলাকার যুবক গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে কমিটি গঠন এসব পদক্ষেপ নেওয়া যেতে পারে। এছাড়া পৌর এলাকায় পরিকল্পিত উপায়ে ড্রেন নির্মাণ ও পূর্বে নির্মিত ড্রেনগুলো সংস্কারের প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১০

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১১

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১২

ফের বাড়লো গ্যাসের দাম

১৩

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৪

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৫

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

১৬

এবি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

১৭

কালিগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

১৮

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার, টিকা পাবে ৬ মাস-৫ বছরের শিশুরা

১৯

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

২০