ডেস্ক রিপোর্ট: খুলনায় ২টি পিস্তল, ৩টি রিভলবার ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টহল দল তাকে মহানগরীর লবনচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা সড়কের নীচ খামার এলাকা থেকে আটক করে।
আটক সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার বাসিন্দা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ টহল চলছিল। প্রথমে দুজন মহিলার কাছে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় আরেকটি গাড়ি চেক করে অন্য একজন মহিলার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা একটি মাদকের চালান সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় যাবে এমন সংবাদের ভিত্তিতে নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন নিজ খামার এলাকায় পৌঁছালে গাড়িতে তল্লাশি চালায় তারা।
সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে ৫টি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন