ডেস্ক রিপোর্ট: ঢাকার শিশু হাসপাতালের করিডোরে ৮ মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বসেছিলেন রাবেয়া হোসেন। জ্বর, কাশি, চোখ লাল হওয়া, শেষে শরীরজুড়ে ফুসকুড়ি। স্থানীয় চিকিৎসক প্রথমে ‘ভাইরাল জ্বর’ বললেও ঢাকায় এসে জানা গেল, সেটি হাম। অথচ শিশুটির এখনো টিকা নেওয়ার বয়সই হয়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১১ মাস বয়সী এক শিশুর বাবা বলছিলেন, ‘তিন দিন জ্বর ছিল, পরে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা বুঝতেই পারিনি এত দ্রুত খারাপ হয়ে যাবে।’ হাসপাতালের শিশু ওয়ার্ডে তার সন্তানের মতো আরও অনেক শিশুকে অক্সিজেন সাপোর্টে দেখা গেছে।
রাজশাহীর এক মা বলছিলেন, ‘ডাক্তার বলেছেন, আমার ছেলে দ্বিতীয় ডোজটা পায়নি।
এখন হাম হয়ে নিউমোনিয়াও হয়েছে।’ চাঁপাইনবাবগঞ্জে আরেক পরিবার তাদের প্রথম সন্তান, ৮ মাসের শিশুকে হারিয়েছে জ্বর, ফুসকুড়ি আর শ্বাসকষ্টের কয়েক দিনের মধ্যেই।
এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে।
বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ৪১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালে সবচেয়ে বেশি, ২১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬, ময়মনসিংহ মেডিকেল কলেজে ৫, চাঁপাইনবাবগঞ্জে ৪, চাঁদপুরে ৩ এবং রাজশাহী ও পাবনায় একজন করে শিশু মারা গেছে।
এমন পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আট বছর ধরে হামের টিকা দেওয়া হয়নি। পরদিন আবার বলেন, ২০১৮ সালের পর আর কোনো ক্যাম্পেইন হয়নি।
কিন্তু সরকারি তথ্য, ইপিআই পরিসংখ্যান ও স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য বলছে ভিন্ন চিত্র। টিকাদান কখনো বন্ধ হয়নি, বরং সাম্প্রতিক সময়ে কভারেজে বড় ধসই হাম বাড়ার প্রধান কারণ। ফলে প্রশ্ন উঠছে, মন্ত্রীর বক্তব্য আর বাস্তবতার মধ্যে অমিল কোথায়?
সরকারি তথ্য বলছে: টিকাদান বন্ধ ছিল না
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২ মাস বয়সী শিশুদের হামসহ নিয়মিত টিকাদানের কভারেজ ছিল মোটামুটি উচ্চমাত্রায়।
সরকারি প্রশাসনিক হিসাব অনুযায়ী, ২০১৮ সালে টিকাদানের হার ছিল ৮৯ দশমিক ৪ শতাংশ। ২০২২ সালে তা উঠে যায় ১০৩ দশমিক ৬ শতাংশে। ২০২৪ সালে নেমে আসে ৮৬ দশমিক ৬ শতাংশে। আর ২০২৫ সালে বড় ধস নেমে তা দাঁড়ায় ৫৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টিকাদান কর্মসূচি বন্ধ ছিল না। বরং অন্তত ২০২৩ সাল পর্যন্ত কভারেজ তুলনামূলকভাবে শক্তিশালী ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদও বলেছেন, ‘প্রতিবছরই বাংলাদেশে হামের টিকা দেওয়া হয়েছে, কোনো বছরই বাদ যায়নি।’ এই বক্তব্য মন্ত্রীর ‘আট বছর টিকা দেওয়া হয়নি’ মন্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
মন্ত্রী কি টিকা নয়, ক্যাম্পেইনের কথা বলেছেন?
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, ইপিআই টিকাদান এবং বড় আকারের জাতীয় ক্যাম্পেইন এক জিনিস নয়। বিশেষজ্ঞদের মতে, মন্ত্রী হয়তো বিশেষ জাতীয় ক্যাম্পেইন বোঝাতে চেয়েছেন। কিন্তু সেটিকেও ‘টিকা দেওয়া হয়নি’ হিসেবে বলা তথ্যগতভাবে বিভ্রান্তিকর।
কারণ, ২০২০ সালের ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন হয়েছে। অর্থাৎ, যদি জাতীয় ক্যাম্পেইনের কথাও ধরা হয়, তবু ‘২০১৮ সালের পর আর হয়নি’ বক্তব্যও পুরোপুরি সঠিক নয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নীতিনির্ধারণী পর্যায়ের ভাষা এখানে খুব গুরুত্বপূর্ণ। ‘টিকা বন্ধ’ আর ‘কভারেজ কমে যাওয়া’ এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য আছে। প্রথমটি সম্পূর্ণ বন্ধের ধারণা দেয়, দ্বিতীয়টি দুর্বল বাস্তবায়ন বা ঘাটতির ইঙ্গিত দেয়।
তাহলে হঠাৎ কেন বাড়ছে হাম?
বাংলাদেশে সম্প্রতি হাম সংক্রমণ নতুন করে বেড়েছে, যা একসময় নিয়ন্ত্রণে ছিল। হামের এই পুনরাবির্ভাবের মূল কারণ হলো টিকাদানের বড় পতন। ২০১৭ থেকে ২০২৪ সালে এমআর/এমএমআর টিকার কভারেজ ৯৩ থেকে ১০০ শতাংশের মধ্যে থাকলেও ২০২৫ সালে তা নেমে আসে মাত্র ৫৯.৬ শতাংশে। এছাড়া, কোভিড-১৯ মহামারির পর নিয়মিত টিকাদানে বিঘ্ন, সরবরাহ ও মাঠ পর্যায়ের তদারকিতে অনিয়ম, এবং কিছু শিশু ‘মিসড চাইল্ড’ হিসেবে বাদ পড়া—সব মিলিয়ে সংক্রমণ সহজে ছড়িয়ে পড়ার পরিবেশ তৈরি করেছে।
অপুষ্টিও ঝুঁকি বাড়াচ্ছে। পুষ্টিহীন শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় হামের জটিলতা যেমন নিউমোনিয়া ও ডিহাইরিয়া বেড়ে যায়। এছাড়া, শহুরে বস্তি, চা-বাগান এলাকা, পার্বত্য অঞ্চল এবং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা এখনও ঝুঁকিপূর্ণ। এসব জায়গায় টিকাদানের ফাঁক ভীষণ ঝুঁকি সৃষ্টি করছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থার অভাবে সংক্রমণ আরও বিস্তার লাভ করতে পারে। প্রস্তাবিত পদক্ষেপগুলো হলো—এমআর টিকাদান কভারেজ ৯০ শতাংশের ওপরে নিয়ে আসা, আংশিক বা অনটিকাপ্রাপ্ত শিশুদের তালিকা তৈরি, ক্যাচ-আপ ক্যাম্প, স্বাস্থ্যকর্মী ও তদারকি বৃদ্ধি, আক্রান্ত শিশুদের আইসোলেশন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি জনস্বাস্থ্য হস্তক্ষেপ।
সেইসাথে অভিভাবকদেরও সচেতন হতে হবে। যদি শিশুর মধ্যে জ্বর, কাশি, চোখ লাল হওয়া বা শরীরে ফুসকুড়ি দেখা দেয়, তা হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্য শিশুদের সংস্পর্শ থেকে আলাদা রাখা অপরিহার্য।
জনস্বাস্থ্যবিদদের ভাষায়, একজন আক্রান্ত শিশু থেকে গড়ে ১৮ জন পর্যন্ত অন্য মানুষ সংক্রমিত হতে পারে।
২০২৫ সালে কেন কমে গেল টিকাদান?
স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ২০২৫ সালে টিকাদানের হার কমে যাওয়ার পেছনে নীতিগত ও প্রশাসনিক ব্যত্যয় বড় ভূমিকা রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, মূল সমস্যা শুরু হয় হঠাৎ করে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার পর। ১৯৯৮ সাল থেকে দেশে সেক্টর প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য খাতের কার্যক্রম চলছিল। কিন্তু যথাযথ এক্সিট প্ল্যান ছাড়াই সেটি বন্ধ করে দেওয়া হয়।
সেক্টর প্রোগ্রাম কী
সেক্টর প্রোগ্রাম হলো একটি স্বাস্থ্য বা উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পিত কাঠামো, যেখানে সরকার বা আন্তর্জাতিক সংস্থা কোনো নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর জন্য সরাসরি সেবাদান করে। সাধারণত এটি জেলা, উপজেলা বা কমিউনিটি ভিত্তিক হয়। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে, সেক্টরের অধীনে সরাসরি স্বাস্থ্য সেবা প্রদান, যেমন: শিশুর টিকাদান (ভ্যাকসিনেশন); পুষ্টি কর্মসূচি এবং মা ও শিশুর স্বাস্থ্য সেবা। এসব সেবা পরিচালিত হয় সম্পূর্ণ বা আংশিকভাবে কেন্দ্রীয়/স্থানীয় বাজেট ও সহযোগিতা দ্বারা।
অর্থাৎ বাংলাদেশের স্বাস্থ্য খাতে, সেক্টর প্রোগ্রাম মানে কোনো জেলা বা উপজেলায় শিশু ও মাতৃসেবা, পরিবার পরিকল্পনা ইত্যাদি কার্যক্রম সরাসরি প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
এই সেক্টর প্রোগ্রাম বন্ধ হলে সরাসরি সেবা বন্ধ হয়ে যায়। টিকাকেন্দ্র বন্ধ হয়ে গেলে শিশুদের টিকাদান আটকে যায়। আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রত্যন্ত বা গ্রামীণ এলাকায়। ট্র্যাকিং ও মনিটরিং বন্ধ হয়ে যায়। অথচ এই মনিটরিংয়ের মাধ্যমেই জানা যায় যে, কোন শিশু টিকা পেয়েছে, কে বাকি আছে। ফলে স্বাস্থ্য প্রশাসন ও জনগণ উভয়ই বিভ্রান্ত হয়।
এ ছাড়াও, স্বাস্থ্যব্যবস্থায় বৈষম্য বৃদ্ধি পায়। ধনী বা শহরের পরিবার প্রাইভেট সেবা থেকে টিকা পেতে পারে, কিন্তু দরিদ্র বা গ্রামীণ শিশুদের টিকা কমে যায়। ফলে টিকা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে রোগের পুনরায় প্রকোপ শুরু হয়। যেমন: টিকাদানের হার কমে যাওয়ায় পোলিও, ডিপথেরিয়া ইত্যাদি রোগ আবার ছড়াতে পারে।
২০২৫ সালে শিশুদের হামসহ নিয়মিত টিকাদানের কভারেজ ছিল মাত্র ৫৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ সেক্টর প্রোগ্রাম বন্ধ হওয়ায় সরাসরি টিকাদান কার্যক্রম থেমে গিয়েছিল ওই বছর, যার ফলে টিকাদানের হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবছর।
বিশেষ ক্যাম্পেইন বাতিল, তৈরি হয় ‘মিসড চাইল্ড’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২৫ সালে একটি বিশেষ টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, কিন্তু একই সময়ে মুখে খাওয়ার পোলিও টিকা কর্মসূচি চলায় সেটি বাতিল হয়ে যায়। এর ফলে যেসব শিশু রুটিন সেশনে টিকা পায়নি, তাদের বড় অংশ ক্যাচ-আপ কভারেজের বাইরে থেকে যায়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের শিশুরাই পরে ‘মিসড চাইল্ড’ হিসেবে বড় ঝুঁকি তৈরি করে।
আরও জানা গেছে, ২০২৫ সালের মার্চে ৪৫৮ কোটি টাকার টিকা কেনা হলেও, জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে তা ব্যবহারের পর পরবর্তী মাসগুলোতে আবারও সংকট দেখা দেয়। অর্থাৎ, টিকা কেনা আর নিয়মিত, স্থিতিশীল সরবরাহ দুটি আলাদা বিষয়।
মাঠপর্যায়ের বাস্তবতা
২০২৪ সালের জুলাই-আগস্ট থেকেই টিকার সংকট শুরু হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের কেন্দ্রগুলোর মধ্যে মাত্র দুই-তিনটিতে আবার কোথাও কোনোটাতেই টিকাদান কার্যক্রম চালানো সম্ভব হয়নি। ২০২৫ সালের ফেব্রুয়ারি নাগাদ অনেক জেলার টিকাদান কেন্দ্রে পাঁচ ধরনের টিকা পুরোপুরি ফুরিয়ে যায়।
কাগজে কর্মসূচি চালু থাকলেও মাঠে অনেক কেন্দ্রে টিকা ছিল না। ফলে পরিসংখ্যানগত কভারেজ এবং বাস্তব সেবা প্রাপ্তি এই দুইয়ের মধ্যে ফাঁক তৈরি হয়েছে।
সবচেয়ে ঝুঁকিতে কেন ৯ মাসের কম বয়সী শিশুরা?
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা, এখন ৯ মাসের কম বয়সী শিশুর মধ্যেও হাম বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশে সাধারণত শিশুকে ৯ মাস বয়সে প্রথম এমআর (হাম-রুবেলা) ডোজ ও ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। ধারণা করা হয়, মায়ের শরীর থেকে পাওয়া অ্যান্টিবডি জন্মের পর কিছু সময় শিশুকে সুরক্ষা দেয়। কিন্তু এখন টিকা পাওয়ার আগেই শিশুরা আক্রান্ত হচ্ছে।
জনস্বাস্থ্যবিদ বেনজীর আহমেদ মনে করেন, এই বাস্তবতায় টিকাদানের সময়সূচি পুনর্বিবেচনা করা প্রয়োজন কি না, তা পর্যালোচনা করা দরকার। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে—মায়ের প্রতিরোধক্ষমতা কমে যাওয়া, অপুষ্টি, চারপাশে উচ্চমাত্রার সংক্রমণ ও ঘনবসতিপূর্ণ পরিবেশে দ্রুত ছড়ানো।
হামকে অনেকেই এখনো ‘জ্বর-ফুসকুড়ির রোগ’ মনে করেন। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এটি অত্যন্ত মারাত্মক হতে পারে। উপসর্গগুলো সাধারণত জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে লালচে ফুসকুড়ি। কিন্তু জটিলতা দেখা দিতে পারে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, সেকেন্ডারি ইনফেকশন ও এনসেফালাইটিস। এমনকি মৃত্যুও ঘটতে পারে।
চিকিৎসকরা বলেন, হাম শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে দুর্বল করে দেয়, ফলে পরবর্তী কয়েক সপ্তাহ বা মাসেও শিশুরা আরও সংক্রমণের ঝুঁকিতে থাকে।
মন্ত্রী যা বললেন, কেন তা গুরুত্বপূর্ণ
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মন্ত্রীর বক্তব্য কেবল রাজনৈতিক মন্তব্য নয়, এটি জনস্বাস্থ্য যোগাযোগেরও অংশ। এ ধরনের বক্তব্য যদি তথ্যসমর্থিত না হয়, তাহলে কয়েকটি ঝুঁকি তৈরি হতে পারে। যেমন: টিকাদান কর্মসূচির ওপর আস্থা কমতে পারে, যেসব মা-বাবা সাম্প্রতিক সময়ে শিশুকে টিকা দিয়েছেন, তারা বিভ্রান্ত হতে পারেন এবং মাঠপর্যায়ে ভুল বার্তা যেতে পারে।
বেনজীর আহমেদ বলেন, ‘মন্ত্রীর কথা মাঠপর্যায়ে যাবে। আমাদের দেশের যে সংস্কৃতি, উচ্চ মহলের কথা মাঠের কর্মীরা বাস্তবায়নের চেষ্টা করে থাকে, সত্য-মিথ্যা যা-ই হোক। এখন তাই টিকা থাকলেও না থাকার কথা বলা হতে পারে।’
নীতিনির্ধারণে ভুল ফোকাস তৈরি হতে পারে
যদি সমস্যাকে ‘আট বছর টিকা না দেওয়া’ হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে আসল সংকট সাম্প্রতিক কভারেজ ধস, সরবরাহ ব্যাঘাত, মিসড চাইল্ড, মনিটরিং ঘাটতি এসব আড়ালে পড়ে যেতে পারে।
বেনজীর আহমেদ আরও বলেন, মন্ত্রী হলেন একটি মন্ত্রণালয়ের প্রধান। তিনি যখন কোনো কথা বলেন, তখন পর্যাপ্ত তথ্য দিয়ে কথা বলা উচিত। এটা তার দায়িত্ব।
এখন কী করা জরুরি
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন তাৎক্ষণিক ও সমন্বিত ব্যবস্থা দরকার। প্রয়োজন আক্রান্ত শিশুদের আলাদা চিকিৎসা (আইসোলেশন); হাসপাতালে পৃথক ওয়ার্ড/ব্যবস্থা; স্কুল, ডে-কেয়ারে সংক্রমণ সতর্কতা; জাতীয় চিকিৎসা গাইডলাইন প্রণয়ন; চিকিৎসকদের প্রশিক্ষণ; বিশেষ ক্যাচ-আপ ক্যাম্পেইন; টিকা না পাওয়া শিশুদের তালিকা তৈরি এবং সরবরাহ ও পরিবহনব্যবস্থা স্থিতিশীল করতে হবে।
সরকার জুনের শুরুতে ছয় মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় দুই কোটি শিশুকে নিয়ে বিশেষ হাম টিকাদান ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন করে টিকা দিলে সাধারণত ১০ দিনের মধ্যে শরীরে ইমিউনিটি তৈরি হয়। আগে টিকা নেওয়া থাকলে ৫ থেকে ৬ দিনের মধ্যেও সুরক্ষা তৈরি হতে পারে। তাই যত দ্রুত সম্ভব বিশেষ ক্যাম্পেইন শুরু করা দরকার।
মন্তব্য করুন