
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার সংবাদপত্র জগতের পথিকৃৎ দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক মরহুম জি.এম নূর ইসলাম স্মরণে দেবহাটায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দেবহাটা পাবলিক লাইব্রেরির হলরুমে দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দৈনিক দৃষ্টিপাত-এর নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ. বারী, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, অধ্যাপক রাজু আহমেদ, অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন এবং সাংবাদিক উত্তম কুমার।
বক্তারা বলেন, জি.এম নূর ইসলাম ছিলেন একজন সৎ, বিনয়ী ও মিষ্টভাষী মানুষ। তিনি সাংবাদিকতায় নীতি-নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন এবং ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে কখনো সংবাদ প্রকাশ করতেন না।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নব্বইয়ের দশকে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে ২০০১ সালে দৈনিক দৃষ্টিপাত প্রতিষ্ঠা করে দুই দশকেরও বেশি সময় সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন