
ডেস্ক রিপোর্ট: চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে এবার মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, পরীমনির এমন আচরণ শুধু একজন শিল্পীর ব্যক্তিগত ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, বরং পুরো শিল্পী সমাজের জন্যও বিব্রতকর।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমনি। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দেন এই চিত্রনায়িকা।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
এবার এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে রিনা খান বলেন, রাগের বশবর্তী হয়ে অনেকে গালাগালি করলেও এমন আচরণ করা উচিত নয়। কারণ, গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি ও সুনাম অর্জন করেন। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পী সমাজের ওপর পড়ে।
পরীমনির আচরণের সমালোচনা করে তিনি বলেন, হাজারো মানুষের সামনে একজন শিল্পীর এমন খারাপ কথা বলা উচিত নয়। এটি শুধু একজন শিল্পীর বিষয় নয়, বরং পুরো শিল্পী সমাজের জন্য কলঙ্ক।
রিনা খান আরও বলেন, তিনি ঘটনাটি সংবাদমাধ্যমে দেখেছেন। কারও প্রতি ক্ষোভ বা অভিযোগ থাকলে তাকে আলাদাভাবে ডেকে বিষয়টি জানানো যেতে পারে। প্রকাশ্যে এভাবে গালাগালি করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি জানান, তার এই বক্তব্য শুধু পরীমনিকে ঘিরে নয়, বরং সব শিল্পীর ক্ষেত্রেই প্রযোজ্য। শিল্পীদের নিজেদের আচরণ ও বক্তব্যের বিষয়ে আরও সচেতন থাকা উচিত।

মন্তব্য করুন