
ডেস্ক রিপোর্ট: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা। আর জবাবদিহিতা কার্যকর করতে হলে মাঠপর্যায়ের মানুষের কথা শুনে তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তথ্যনির্ভর পরামর্শের প্রয়োজন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার তালায় স্থানীয় জেলে, কৃষক, ভূমিহীন, আমচাষী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তালা উপজেলার গোনালী নলতা, হরিচন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে নিরাপত্তাহীনতা এবং জলদস্যুদের হামলা ও হুমকির কথা তুলে ধরেন। কৃষক ও আমচাষীরা পানি সংকটসহ কৃষির বিভিন্ন প্রতিবন্ধকতা, ভূমিহীনরা খাসজমি বন্দোবস্তজনিত সমস্যা এবং স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন ও জীবন-জীবিকার বিভিন্ন বিষয়ে মতামত দেন।
সভায় বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও সমস্যার কথা শোনেন।
প্রতিউত্তরে তিনি বলেন, এখানে না এলে স্থানীয় মানুষের বাস্তব সমস্যাগুলো এতটা কাছ থেকে বোঝা সম্ভব হতো না।
সভায় খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এম. হাশেমী, পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নমিরা শামীম, জেন্ডার স্পেশালিস্ট মাহবুবা হক ও কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত কুমার পাল, তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ।
মন্তব্য করুন