
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) গুমের প্রধান আসামি তার স্বামী রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবি’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
গুমের শিকার চন্দনা তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে।
প্রসঙ্গত, গত দু’মাস ২২ দিন আগে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কর পাড়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ চন্দনা। চন্দনার স্বজনদের দাবি তাকে গুম করেছে তারই মাদকাসক্ত স্বামী রবিউল ইসলাম রবি।
এবিষয়ে গুম হওয়া গৃহবধূর পিতা মহিউদ্দীন শেখ ওই সময় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে গুমের অভিযোগ থেকে রক্ষা পেতে উল্টো গুমের শিকার গৃহবধূ ও তার পিতা মহিউদ্দীন শেখ এর নামে প্রতারণা মামলা দেন ভেন্ডার রবি।
এদিকে, থানায় মামলা করতে না পেরে ভেন্ডার রবি’কে প্রধান ও আরও কয়েক জনকে আসামি করে সাতক্ষীরা আদালতে অভিযোগ দায়ের করেন চন্দনার পিতা। অভিযোগ আমলে নিয়ে মামলাটি নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তারের আদেশ দেয় আদালত।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, আদালতের নির্দেশে গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি আলোচিত রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন