

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার গড়ইখালির বাইনবাড়িয়া ব্রিজের উত্তর পাশের এপ্রোচ রোড, পাটকেলখালী কালভার্ট ও সানাবাড়ির সামনে প্রায় আধা কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাইনবাড়িয়া ব্রিজের উপর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত এসব সড়ক উন্নয়নের দাবি জানান।
ইউপি সদস্য বিকাশ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গড়ইখালীর সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম সরদার। স্থানীয় ঠাকুর দাস সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাস চন্দ্র বাছাড়, শ্যামলাল মন্ডল, শিক্ষক সরোজিত কুমার মন্ডল ও স্বপন কুমার মন্ডল।
সমাবেশে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তারা দ্রুত এপ্রোচ রোড, কালভার্ট ও কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।
মন্তব্য করুন