শিকাগোর শ্রমিক সংগ্রামের ইতিহাস কি কখনও জানতে পারবে উপকূলের শ্রমিকেরা? হয়তো প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে বেঁচে থাকাই তাঁদের জীবনের লক্ষ্য। বছরের একটি দিন- পহেলা মে এলে আমরা শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের কথা বলি। ১৮৮৬ সালের শিকাগোর আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশেও দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। কিন্তু প্রতি বছরই একটি প্রশ্ন থেকে যায়। আমরা যাদের শ্রম নিয়ে কথা বলি, তারা কি সবাই এই আলোচনার ভেতরে আছেন?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে শ্রমশক্তি ৭ কোটিরও বেশি। এদের বড় একটি অংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। যেখানে নিরাপত্তা, স্বাস্থ্যসুরক্ষা বা সামাজিক সুরক্ষা খুবই সীমিত। শহরের এই বাস্তবতা যেমন কঠিন, উপকূলীয় অঞ্চলে তা আরও জটিল।
দেশের প্রায় ৪ কোটি মানুষ উপকূলীয় এলাকায় বসবাস করেন। তারা প্রতিনিয়ত জলবায়ু ঝুঁকির মধ্যে জীবনযাপন করছেন। এখানে শ্রম কোনো নির্দিষ্ট সময়ের কাজ নয়। এটি টিকে থাকার একটি ধারাবাহিক সংগ্রাম- যেখানে জীবিকা আর ঝুঁকি বহমান নদীর মতো।
সুন্দরবনসংলগ্ন এলাকায় কাজ করতে গিয়ে আমি দেখেছি, মানুষের পেশা অনেক সময় তাদের পছন্দে নয়, বাস্তবতার চাপে নির্ধারিত হয়। মৌয়াল, বাওয়াল, জেলে এই পরিচয়গুলোর পেছনে থাকে চরম ঝুঁকি। সুন্দরবনের ভেতরে যাওয়ার আগে কেউ নিশ্চিত করে বলতে পারে না, সে ফিরে আসতে পারবে কি না। একসময় প্রতিবছর অনেক মানুষ বাঘের আক্রমণে প্রাণ হারাতেন। এখন সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু ভয় এখনও আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বনদস্যুদের আতংক। অনেকেই জীবিকার জন্য বের হন, কিন্তু পরিবারের কাছে ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। এই ঝুঁকি শুধু কর্মস্থলে সীমাবদ্ধ নয়, পুরো জীবনজুড়ে থাকে।
এই অঞ্চলে সবচেয়ে নীরব সংগ্রামটি বহন করেন সেই নারীরা, যাদের স্বামী জীবিকার তাগিদে সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণে নিহত হয়েছেন । স্থানীয়ভাবে তাদের টাইগার উইডো বা বাঘবিধবা বলা হয়। তাদের জীবনে শোকের পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক চাপ যুক্ত হয়। সংসার চালানোর দায়িত্ব তাদের কাঁধে পড়ে, কিন্তু তাদের শ্রম খুব কমই দৃশ্যমান হয়।
জলবায়ু পরিবর্তন তাদের এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। লবণাক্ততা বৃদ্ধির কারণে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস নিয়মিতভাবে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। অনেক এলাকায় টেকসই বেড়িবাঁধ নেই, আবার কোথাও দুর্বল হয়ে পড়েছে। ফলে ভাঙন ও প্লাবনের ঝুঁকি থেকেই যায়। এতে মানুষের বসতি ও জীবিকা দুটোই অনিশ্চিত হয়ে পড়ে।
বিশ্বব্যাংকের একটি পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হতে পারে, তলিয়ে যেতে পারে দক্ষিণ অঞ্চল । বাস্তুচ্যুতির তালিকায় বড় অংশই থাকবে উপকূলের।
এই বাস্তবতায় প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা যখন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলি, তখন এই মানুষগুলো কোথায় থাকে? শহরের শ্রমিকদের নিয়ে কিছুটা আলোচনা হয়, কিন্তু উপকূলের শ্রমজীবী মানুষ এখনও অনেকটাই আড়ালে থেকে যায়।
শ্রমের মর্যাদা শুধু মজুরির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে নিরাপত্তা, সামাজিক স্বীকৃতি এবং সম্মানজনক জীবনের বিষয় জড়িত। উপকূলীয় মানুষের জন্য এই বিষয়গুলো এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। উপকূলের শ্রম বেচা মানুষেরা জানে না শ্রমিক দিবস কী, শ্রমিকের অধিকারই বা কী! আর নারীদের ক্ষেত্রে বিষয়টি একদম গুরুত্বহীন। শ্রমের মূল্য যেখানে অনির্ধারিত, সেখানে নারীর শ্রম আরোও সস্তা। অধিকার আদায়ের সংগ্রামে উপকূলের শ্রমিকেরা যুক্ত হবে কবে? তাঁরা কবে জানতে পারবে যে – শিকাগোতে কী ঘটেছিলো, প্রতিবছর এই দিবস পালনে কী লাভ হয় শ্রমিকদের? কেন এই উদযাপন উপকূলঅব্দি পৌঁছায় না?
লেখক: প্রতিষ্ঠাতা, আইসিডি
মন্তব্য করুন