ডেস্ক রিপোর্ট: টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণের দাবিতে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের উদ্যোগে রাজধানীতে মানববন্ধন করেছেন জেলার তরুণরা। এ সময় সাতক্ষীরার সার্বিক উন্নয়নে ঘোষিত ১৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
শনিবার (২ মে) সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনাময় জেলা সাতক্ষীরার উন্নয়নকে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তরুণরা।
তারা বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাতক্ষীরা দীর্ঘদিন ধরে অবহেলিত।
সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে জেলাটিকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করা সম্ভব। মানববন্ধনে ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য দাবি সমূহ, সুন্দরবন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, কৃষিপণ্য সংরক্ষণে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প স্থাপন, সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়ক উন্নয়ন, মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন প্রতিষ্ঠা, সীমান্ত সড়ক নির্মাণ, ভোমরা স্থলবন্দরের আধুনিকায়ন এবং নাভারন-ভোমরা-মুন্সিগঞ্জ রেলপথ স্থাপন।
এছাড়া বাস টার্মিনাল স্থানান্তর, দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, টেকসই মাস্টারপ্ল্যান প্রণয়ন, বেড়িবাঁধ নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের দাবিও জানানো হয়।
তরুণরা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে সাতক্ষীরার সার্বিক উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে স্বাস্থ্য ও পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ, প্রধান উপদেষ্টা আফসার আলী, সাধারণ সম্পাদক বকুলুজ্জামান এবং যুগ্ম সম্পাদক স. ম. মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানব্বন্ধনে তারা বলেন, তরুণদের প্রস্তাবিত এই ১৬ দফা বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরাকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। একইসঙ্গে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
মন্তব্য করুন