দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ মঙ্গলবার (১৯ মে) দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের সঙ্গে মতবিনিময় করেছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বীন ফিরোজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত সুধিজন স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে তারা শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সীমান্ত সুরক্ষা ও নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
পরে জেলা প্রশাসক দেবহাটার উপজেলার নির্মিত গেইট উদ্বোধন করেন এবং অসহায়দের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
মন্তব্য করুন