ডেস্ক রিপোর্ট: শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম ও মহানবীকে (স.) নিয়ে কটূক্তির অভিযোগে সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
গৌরাঙ্গ সরকার সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জামিলুজ্জামান জানান, সোমবার নবম শ্রেণির গণিত ক্লাসে গৌরাঙ্গ সরকারের বিরুদ্ধে ফজরের আযান ও মহানবীকে (স.) নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার তারা বিদ্যালয়ে এসে বিষয়টি জানার চেষ্টা করেন। এসময় পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছালে সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিদ্যালয়ে এসে গৌরাঙ্গ সরকারকে আটক করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম বলেন, শিক্ষক গৌরাঙ্গ সরকারকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন