ডেস্ক রিপোর্ট: পর্দায় শাকিব খানের উপস্থিতি মানেই যে প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড়, তার প্রমাণ মিলল আরও একবার। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া এই শীর্ষ নায়কের নতুন সিনেমা ‘রকস্টার’ প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলেছে। দর্শক চাহিদার কথা বিবেচনা করে মুক্তির মাত্র এক দিনের মাথায় দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দেশজুড়ে ১০৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘রকস্টার’। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রথম দিনে সিনেমাটির মোট ১৮টি শো ছিল। তবে টিকিট বিক্রির ধুম ও দর্শকদের উপচে পড়া চাপের কারণে আজ শুক্রবার দ্বিতীয় দিন থেকে শোর সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ৩৬টি করা হয়েছে।
মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আমেজে পরিবার ও তরুণ দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। অগ্রিম টিকিট কাটার হিড়িক দেখেই শো বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিন্নধর্মী গল্প, রোমান্স ও মিউজিকের মেলবন্ধনে মুক্তির আগেই আলোচনায় ছিল ‘রকস্টার’। প্রেক্ষাগৃহে দর্শকদের এই উপস্থিতি সিনেমাটি নিয়ে তৈরি হওয়া সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমাটির নির্মাণশৈলী ও শাকিব খানের নতুন ‘লুক’ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।
সিনেমার নাম ভূমিকায় শাকিব খানের বিপরীতে বড় পর্দায় জুটি বেঁধেছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা গেছে সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী ও তারিক আনাম খানের মতো একঝাঁক তারকাকে।
উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে ছোট-বড় মিলিয়ে মোট নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে হল প্রাপ্তি ও দর্শক চাহিদার দিক থেকে এককভাবে আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খানের ‘রকস্টার’।
মন্তব্য করুন