
বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উন্মাদনা ছুঁয়ে গেছে দেশের শোবিজ অঙ্গনকেও।
প্রিয় দলকে সমর্থন জানিয়ে সামাজিকমাধ্যমে সরব রয়েছেন তারকারা। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
আর্জেন্টিনার জয়ের পর নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। আকাশি-সাদা জার্সিতে তোলা ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ধরে রেখেছে।
’
পূর্ণিমার এই কথায় ফুটে উঠেছে তার ফুটবল-ভালোবাসার গল্প। একসময় লিওনেল মেসির প্রতি মুগ্ধতা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করা শুরু করেছিলেন তিনি।
কিন্তু সময়ের সঙ্গে সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে পুরো দল, তাদের সংস্কৃতি ও ফুটবল ঐতিহ্যের প্রতি।
ছবিগুলোতে একটি রেস্তোরাঁয় বসে খেলা উপভোগ করতে দেখা যায় পূর্ণিমাকে। আর্জেন্টিনার জার্সিতে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীর সামনে টেলিভিশনের পর্দায় চলছিল ম্যাচ। অন্য ছবিতে কেক ও ফুলের তোড়া নিয়ে উদযাপনের মুহূর্তে ধরা দিয়েছেন তিনি।
পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। মাত্র চার ঘণ্টার মধ্যেই এতে ৫০ হাজারের বেশি রিয়াকশন পড়েছে। পাশাপাশি প্রায় দুই হাজার মন্তব্য করেছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই পূর্ণিমার আর্জেন্টিনা-প্রেমের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ প্রিয় দল নিয়ে মজার মন্তব্যও করেছেন।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তারকাদের উন্মাদনা নতুন নয়। প্রতি আসরেই তারা নিজেদের পছন্দের দলকে নিয়ে সরব থাকেন। তবে আর্জেন্টিনার জয়ের রাতে পূর্ণিমার এই পোস্টটি ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
বলে রাখা যায়, সোমবার (২২ জুন) টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলতে নামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। এই ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুই গোলই করেছেন লিওলেন মেসি।
মন্তব্য করুন