
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ‘বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথমানে উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
উন্নয়ন প্রকল্পে জমি হারানো ভূমিমালিকদের হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই চেক তুলে দেওয়া হয়।
সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৭ জন ক্ষতিগ্রস্ত ভূমিমালিকের হাতে মোট মোট ২ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ২১ টাকার চেক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এই চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দীপায়ন সরকারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণ করতে এসে অনেক ভূমিমালিকের মুখে স্বস্তি ও সন্তুষ্টির হাসি দেখা যায়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। একই সঙ্গে উন্নয়নের স্বার্থে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছা ও কয়রা অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
মন্তব্য করুন