
ডেস্ক রিপোর্ট: সাইফ হাসান ও তানজিদ হাসানের ব্যাটে বড় সংগ্রহ গড়ার পর রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসানের ঘূর্ণিতে ৩৪ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরিছে বাংলাদেশ।
শুক্রবার (১৭ জুলাই) হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে দুই বল বাকি থাকতে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া রিশাদ দলে ফিরেই ম্যাচসেরা বোলিং করেন।
৩.৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। শেখ মেহেদিও ছিলেন দুর্দান্ত। প্রথম ওভারে খরুচে হলেও দারুণভাবে ফিরে এসে ৪ ওভারে ২৩ রানে নেন ৪ উইকেট।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারেই শেখ মেহেদি ফেরান ডিওন মায়ার্সকে। পরের ওভারে নাহিদ রানার গতিতে বোল্ড হন ব্রায়ান বেনেট। এরপর সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা ৪৪ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার আভাস দিলেও সেই জুটি ভাঙেন রিশাদ। ১২ বলে ২৮ রান করা রাজাকে ফেরানোর পর নিজের পরের ওভারেই বোল্ড করেন শুম্বাকে।
মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ক্লাইভ মাডান্ডে, তাশিঙ্গা মুসেকিয়া এবং শেষদিকে ব্র্যাড ইভান্সকেও ফিরিয়ে জয়ের পথ সহজ করে দেন বাংলাদেশের বোলাররা। শেষ উইকেটে রিশাদের গুগলিতে বোল্ড হন ব্লেসিং মুজারাবানি। ১৫ রানে অপরাজিত থাকেন রিচার্ড এনগারাভা। সর্বোচ্চ ২৯ রান আসে রায়ান বার্লের ব্যাট থেকে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। দুজনই তুলে নেন ফিফটি। সাইফ ৪৫ বলে ৫৫ এবং তানজিদ ৪৪ বলে ৫৮ রান করেন। মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও শেষদিকে ইয়াসির আলী ২২ ও মোহাম্মদ সাইফ উদ্দিনের ১৬ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ে ১৮৬ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ। এক দিন বিরতির পর একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে।
মন্তব্য করুন