
উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে মাঠে গড়িয়েছে কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগ (কেবিপিএল) ২০২৬।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির আয়োজনে জলিলের মোড় সংলগ্ন বালুর মাঠে লীগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুন্দরবন প্রেস ক্লাব ও স্বাধীন ব্রাদার্স ইউনাইটেড। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, দ্রুতগতির আক্রমণ ও লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে। স্বাধীন ব্রাদার্স ইউনাইটেডের পক্ষে গোল করেন আমিনুর রহমান এবং সুন্দরবন প্রেসক্লাবের হয়ে গোল করেন মো. সাকিব।
খেলা শুরুর আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিল্পীদের মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা, যা মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য এম.এম মজনু-ই-এলাহী ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাসুম বিল্লাহ, স্থানীয় বিএনপি নেতা নুর ইসলাম সরদার, মোজাম্মেল হোসেন, শিক্ষক রিয়াজ হোসেন প্রমুখ।
খেলা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির প্রধান সমন্বয়ক স.ম ওসমান গনী সোহাগ।
আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৪টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জীম এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ও সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মন্তব্য করুন