
শ্যামনগর প্রতিনিধি: সংসারের টানাপোড়েন, চিকিৎসার ব্যয় আর প্রতিদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাওয়া মানুষের কাছে সামান্য আর্থিক সহায়তাও হয়ে ওঠে বড় আশার আলো। সাতক্ষীরার শ্যামনগরে এমনই কিছু দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক পেয়ে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান।
শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো কেবল একটি দায়িত্ব নয়, এটি মানবিকতারও পরিচয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেওয়া এ ধরনের সহায়তা আর্থিক সংকটে থাকা মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেয় এবং তাদের জীবনে নতুন করে আশার সঞ্চার করে।
পরে প্রধান অতিথি ড. মোঃ মনিরুজ্জামান উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। কেউ চিকিৎসার ব্যয় মেটানোর আশা করছেন, কেউ আবার পরিবারের জরুরি প্রয়োজন পূরণে এই অর্থ কাজে লাগানোর কথা জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন