
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে মোছা. রাবেয়া খাতুন নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
গত ১১ আগস্ট দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাবার বাড়িতে পৌঁছাননি বলে জানিয়েছেন তার স্বজনরা।
এরপর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ রাবেয়া খাতুন গণপতি গ্রামের শেখ হাফিজুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরের দিকে রাবেয়া খাতুন বাবার বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি স্বাভাবিকভাবেই বাবার বাড়িতে পৌঁছে যাবেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি সেখানে পৌঁছাননি। পরে স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি।
এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর শুরু করেন। পরিচিতজনদের কাছেও তার বিষয়ে জানতে চাওয়া হয়। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বজনরা জানান, রাবেয়া খাতুনের সঙ্গে যোগাযোগের সব ধরনের চেষ্টা করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিনি কোথায় গেছেন কিংবা কীভাবে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানতে পারছেন না। হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় তার দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাবেয়া খাতুনের সন্ধানে স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। তার সন্ধান পেতে স্বজনরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করেছেন।
নিখোঁজ রাবেয়া খাতুনের সন্ধান পেলে কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে জানতে পারলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
মন্তব্য করুন