
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বাল্যবিয়ে ও শিশু বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘ইন্টার স্কুল স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯আগস্ট) সকাল থেকে কয়রা মদিনাদবাদ দারুচ্ছালাম মহিলা মাদ্রাসা মাঠে ‘ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ শীর্ষক প্রকল্পের আওতায় গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশনের বাস্তবায়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কয়রা উপজেলার ২০টি স্কুল ও মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, আমাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম রকি, আবু রায়হান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস বলেন, বাল্যবিয়ে মেয়েদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করে এবং তাদের শারীরিক ও মানসিক ঝুঁকি তৈরি করে। এ ধরনের আয়োজন মেয়েদের আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, ছাতা ও পানির বোতলসহ শিক্ষা উপকরণ তুলে দেন।
মন্তব্য করুন